রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক দেশ গঠন করে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের দাবি জানালেন বিশিষ্টজনেরা। গতকাল শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় তাঁরা এ দাবি তোলেন।
সম্মিলিত সামাজিক আন্দোলন ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণতন্ত্র, সাম্প্রদায়িকতা ও ধর্ম’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। প্রবন্ধে তিনি বলেন, গণতন্ত্র ও সাম্প্রদায়িকতার মধ্যে বিরোধ সুস্পষ্ট ও প্রবল। প্রকৃতপক্ষে গণতন্ত্র ও সাম্প্রদায়িকতা একে অন্যের শত্রুপক্ষ। তবে গণতান্ত্রিক রাষ্ট্র যদি তৃণমূলের বিপুল-বিশাল মানুষের আত্মশক্তি বিকাশের প্রকৃত সুযোগ সৃষ্টি করে এবং সংঘবদ্ধ করে তাদের ক্ষমতায়তনের কার্যকর ভিত্তি তৈরি করে তাহলে সাম্প্রদায়িকতার পরিসর ক্রমশ ক্ষীণ হয়ে উঠতে পারে।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, গণতন্ত্রে অসাম্প্রদায়িকতা থাকবে, এটা স্বাভাবিক। রাষ্ট্রের দায়িত্ব সব ধর্মাবলম্বীর সমান অধিকার প্রতিষ্ঠিত করা। বাহাত্তরের সংবিধানের চার নীতি ফিরে এসেছে। কিন্তু ইসলাম যত দিন রাষ্ট্রধর্ম থাকবে, তত দিন অন্য ধর্মাবলম্বীরা দ্বিতীয়শ্রেণীর নাগরিকে পরিণত হবে।
জাতীয় অধ্যাপক সালাহ উদ্দিন আহমেদ বলেন, ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করা যাবে না—এই মর্মে আইন প্রণয়ন করা হোক। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করলে অন্য নামে জামায়াত আবার আসবে, তাই রাজনীতিতে ধর্মের ব্যবহারই নিষিদ্ধ করতে হবে।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, বামপন্থীদের ও সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে বিরোধীরা, কিছুটা সফলও হচ্ছে। তাদের প্রতিহত করতে একটি ‘জাতীয় ছাতা’ দরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, ধর্ম কলুষমুক্ত, কিন্তু এর অপব্যবহার করলে তা কলুষিত হয়ে যায়। তাই রাষ্ট্রকে হতে হবে সর্বজনীন।
নারীনেত্রী সাংসদ শিরীন আখতার মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের ক্রেস্ট দেওয়ার ক্ষেত্রে যে ‘প্রতারণা’ করা হয়েছে তার উল্লেখ করে বলেন, যারা এ কাজ করেছে, তারা যুদ্ধাপরাধীদের মতোই ঘৃণিত।
মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধার করাই আজকের চ্যালেঞ্জ হওয়া উচিত বলে অভিমত দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী।
সাংবাদিক-কলামিস্ট আবেদ খান বলেন, ধর্মকে সরাসরি গণতন্ত্রের কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির নেতা শহীদুল্লাহ শিকদার, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ-বিরোধী মঞ্চের যুগ্ম সম্পাদক তারেক আলী, ডেনিশ দীলিপ দত্ত প্রমুখ।