রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের আহ্বান
রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ এবং সব নাগরিকের সমান অধিকার রক্ষায় সব ধরনের সাম্প্রদায়িক অপচেষ্টা রুখে দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবিসহ ১৪ দফা দাবি পেশ করেছে সংগঠনটি।
লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় নেত্রী জনা গোস্বামী।
দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে দেশে ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী অসাম্প্রদায়িক চেতনার পুনঃপ্রতিষ্ঠা, দেশের উন্নয়ন, নারীর অগ্রযাত্রা অব্যাহত ও সাংবিধানিক অধিকার সুরক্ষায় সব প্রতিক্রিয়াশীল মহলের বিরুদ্ধে সরকারের সুস্পষ্ট অবস্থান, নারী শ্রমিকদের যানবাহন, আবাসন, সহজলভ্য চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মালিক ও সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং নারী শ্রমিকদের বেতন বৃদ্ধির সুপারিশের যথাযথ বাস্তবায়ন।
এ ছাড়া সংবাদ সম্মেলনে সুস্থ ট্রেড ইউনিয়ন প্রথা চালুসহ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন ও এক-তৃতীয়াংশ বৃদ্ধির দাবি জানানো হয়।
পরিষদের সভাপতি আয়েশা খানম, সাধারণ সম্পাদক মালেকা বানু, সহসভানেত্রী ফৌজিয়া মোসলেম, সাংগঠনিক সম্পাদক রাখি দাশ পুরকায়স্থ, অর্থ সম্পাদক দিল আফরোজ, প্রচার ও গণমাধ্যম সম্পাদক কাজী সুফিয়া আক্তার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্ম রক্ষার নামে হঠাৎ গজিয়ে ওঠা ধর্মাশ্রয়ী দল হেফাজতে ইসলাম নামধারী গোষ্ঠী সারা দেশে যেভাবে ধর্মীয় বই পুড়িয়েছে, তা নিন্দনীয়। হেফাজতে ইসলাম রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশের নামে ১৩ দফা দাবিনামা পেশ করেছে, যা সম্পূর্ণভাবে দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। বাসস।