রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও পুরুষের সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীর অবস্থান থাকতে হবে। আর এ জন্য রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে, যেন তাঁরা জনপ্রতিনিধি হিসেবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ‘নারী আন্দোলন’ শীর্ষক এক সেমিনারে গতকাল মঙ্গলবার বক্তারা এসব কথা বলেন। রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোসিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, আইনের চোখে যৌন হয়রানি একটি শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু অপরাধীর অপরাধ প্রমাণ করতে গিয়ে একজন নারী যেন দ্বিতীয়বার অপরাধের শিকার না হন, সে বিষয়টি দেখতে হবে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রায় আড়াই লাখ নারী সম্ভ্রম হারিয়েছেন, তাঁদের বীরাঙ্গনা হিসেবে বলা হচ্ছে। এই শব্দটি প্রয়োগ করে তাঁদের আরও নেতিবাচকভাবে চিহ্নিত করে দেওয়া হয়, সমাজে তাঁরা নানা ধরনের বিড়ম্বনার শিকার হন। এ বিষয়ে উচ্চ আদালতে করা রিটের প্রসঙ্গে আলোচনা করে তিনি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা ও এর তদারকি কার্যকর করার ওপর জোর দেন।
খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোকসানা খন্দকার বলেন, নারী ও পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা করতে গেলে নারীকে সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে থাকতে হবে। সে জন্য রাজনীতিতে নারীর সক্রিয় ভূমিকা থাকতে হবে। যদিও বহু দিন ধরে বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব চলছে, তার পরও সার্বিকভাবে রাজনীতিতে নারীর অংশগ্রহণ সুখকর নয়। সংরক্ষিত নারী আসনের বাইরে সাধারণ আসনে খুব কমসংখ্যক নারীকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়।
নারী সংগঠন নারীপক্ষের সদস্য কামরুন নাহার বলেন, এই সময়ে নারীর যে অগ্রগতি, তা চলমান নারী আন্দোলনেরই ফসল। নারীদের জন্য যদি পৃথক বিশ্ববিদ্যালয় না হতো, তাহলে অনেক নারী লেখাপড়া করতে পারতেন না। তার পরও এখনো সমাজকে পুরুষতান্ত্রিক করার প্রয়াস দেখা যায়। সিডও সনদের দুটি ধারার ওপর যে বাংলাদেশ আপত্তি দিয়ে রেখেছে, ১৯৮৪ সাল থেকে এখন পর্যন্ত তা প্রত্যাহার করা হয়নি।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান বলেন, দেশে ঢালাওভাবে আইন প্রণয়ন করা হয়, কিন্তু আইনটি নারীবান্ধব কি না, সে বিষয়ে লক্ষ রাখা হয় না। নারীর অধিকার প্রতিষ্ঠা মানে পুরুষের মতো হতে চাওয়া নয়, পুরুষ ও নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করা।
সেমিনারের শুরুতে আলোচক, অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির রেজিস্ট্রার ফিরদৌস আলী। সেমিনারটি পরিচালনা করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরাও সেমিনারে অংশ নেন।