রাজনীতিতে পরিবারতন্ত্র, সংসদ ধনীদের ক্লাব, সংকটে সুশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রাধান্য এখনো রয়ে গেছে। আর এ অঞ্চলের সংসদগুলো হয়ে উঠেছে ধনীদের ক্লাব। জনগণের ভোটের মাধ্যমে এসব সংসদ গঠিত হলেও এসব স্থানে জনগণের স্বার্থ বিবেচিত হয় না। গণতন্ত্র ও সুশাসনের স্থায়িত্বের জন্য এই প্রবণতা মঙ্গলজনক নয়।গতকাল শনিবার ‘দক্ষিণ এশিয়ায় সুশাসন ও জনসেবার রূপান্তর’ বিষয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে এ মত উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান। গতকাল সম্মেলনের দ্বিতীয় দিনে ‘নাগরিকত্ব, গণতন্ত্র ও সুশাসনের নানা দিক’ বিষয়ের আলোচনায় মূল বক্তা ছিলেন তিনি।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ (আইজিএস) এবং অ্যাফিলিয়েটেড নেটওয়ার্ক ফর সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি-এশিয়া ও প্যাসিফিক (আনসা-সার) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। আলোচ্য বিষয় দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে হলেও অধ্যাপক রেহমান সোবহানের বক্তব্যে উঠে আসে বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গ। তিনি বলেন, বিগত চারটি সংসদেই দেশের প্রধান বিরোধী দল সংসদ বর্জন করে চলেছে। দেখা গেছে, এসব দলের নেতারা সংসদে ফিরতে চেয়েছেন কিন্তু দলীয় প্রধানের অনাগ্রহের কারণেই তা সম্ভব হয়নি।দেশের প্রধান দুই দলের দুই শীর্ষ নেত্রীর মধ্যে রাজনৈতিক দূরত্বের প্রসঙ্গে রেহমান সোবহান বলেন, গত দুই দশকে দুজনের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তাঁরা কোথাও দেখা হলেও সৌজন্য বিনিময়টুকু করেন না। তবে তাঁদের দলের নেতা-কর্মীরা অনেক ক্ষেত্রে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখেন। তিনি বলেন, দুই দলের নেতা-কর্মীরা দুই নেত্রীর আলোচনা প্রত্যাশা করেন। কিন্তু এ বিষয়ে তাঁরা কখনো চাপ সৃষ্টি করেন না। রেহমান সোবহান বলেন, পাঁচ বছর অন্তর একবার ভোট দিয়ে বাকি সময়ে নীরব পর্যবেক্ষক হিসেবে থাকা ছাড়া আর কোনো কিছু করার থাকে না নাগরিকদের। আবার সংসদে গিয়েও সাংসদেরা তাঁদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে দলের এজেন্ডাই বাস্তবায়ন করেন। গতকাল ‘প্রযুক্তির যুগে গণতান্ত্রিক সুশাসন: দক্ষিণ এশিয়ায় সামাজিক ক্ষমতায়নের জন্য তথ্য’ বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখলাক হক জানান, বিভিন্ন দেশে তথ্যপ্রযুক্তি বিষয়ে সরকারি বেশির ভাগ প্রকল্প কখনো আলোর মুখ দেখে না। সফলতার হার ২৬ ভাগেরও কম। যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রকল্পে ১৫০ বিলিয়ন ডলার এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ১৪০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।সহজ এবং জনগণের অগ্রাধিকার থাকার জন্য বাংলাদেশে তথ্য অধিকার প্রকল্প (এক্সেস টু ইনফরমেশন—এটুআই) দ্রুত সম্প্রসারিত হয়েছে বলে মন্তব্য করেন আখলাক হক। গতকাল সকালের অধিবেশনে আরও আলোচনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের রোকেয়া কবীর, পাকিস্তানের সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউটের (এসডিপিআই) ফায়েজ ইয়াসিন, রাজশাহীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের শিক্ষক সুপদ কুমার ঘোষ। বিকেলে ‘একীভূত উন্নয়নে সুশাসন এবং সামাজিক পরিবর্তন’ শীর্ষক অধিবেশনে আলোচনা করেন ওয়ার্ল্ড ব্যাংক ইনস্টিটিউটের জেফ থুনিয়া, আনসা-সারের নাইমুর রহমান, বাসেল ইনস্টিটিউট অব গভর্নেন্সের এলকো জ্যাকবস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ডোনাল্ড কার্টিস, ডিএফআইডির সমীক্ষ রাহা প্রমুখ।