রাজনীতিতে পেট্রলবোমার সংস্কৃতি চালু হয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনীতিবিদেরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করেন। আর সেই লড়াইয়ে এবার পেট্রলবোমার সংস্কৃতি চালু হয়ে গেল। এখান থেকে বের হওয়া কঠিন। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।

বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের কনফ্লিস্ট রিসার্চ গ্রুপ (সিআরজি) এবং ঢাকার মাইক্রোগভর্ন্যান্স রিসার্চ ইনিশিয়েটিভ (এমজিআর) এই সেমিনারের আয়োজন করে। আয়োজকেরা জানান, ‘বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার গতি-প্রকৃতি ২০০২-২০১৩’ শীর্ষক একটি গবেষণা করেছেন ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক বার্ট সুকেনস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম। ওই গবেষণার প্রাপ্ত তথ্য জানাতেই এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের সঞ্চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, এই যে দেশে পেট্রলবোমার সংস্কৃতি চালু হলো সেখান থেকে বের হওয়া কঠিন। আর সহিংসতা দিয়ে কখনো শান্তি আসে না। অহিংস উপায়েই শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বর্তমান অবস্থা থেকে বের হয়ে আসতে হলে কয়েকটি বিষয়ে সব রাজনৈতিক দলকে একমত হতে হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কিংবা ৫ জানুয়ারি ধরনের নির্বাচন এখানে কাজ করবে না। বিকল্প কিছু বের করতে হবে। আবার ১৯৭১, জাতির জনক, বাংলাদেশের কয়েকজন প্রতিষ্ঠাতা এসব বিষয়ে সবাইকে একমত হতে হবে। কোেনা ঘৃণা ছড়ানো যাবে না।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের রাজনীতিবিদেরা ছেলেমেয়েদের শেখাচ্ছেন রাজনীতি মানেই স্কুলে যাওয়া বন্ধ। রাজনীতি মানেই পরীক্ষা বন্ধ। রাজনীতি মানেই পেট্রলবোমা। এসব কারণে তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখ হয়ে যাবে।’

সেমিনারে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেন, তানজিমউদ্দিন খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাব্বির আহমেদ, আইনুল ইসলাম, ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও নিরাপত্তা বিশ্লেষক শাহাদুল আনাম।

গবেষণার প্রাপ্ত তথ্যের বিষয়ে বার্ট সুকেনস জানান, প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক ও ইনকিলাব এই চারটি পত্রিকায় রাজনৈতিক সহিংসতার ১৮ হাজার ৩০৮টি প্রকাশিত খবরের তথ্য বিশ্লেষণ করেছেন তাঁরা। ওই তথ্য অনুযায়ী, এই সময়ে সবচেয়ে কম সহিংসতা হয়েছে ২০০৭ ও ২০০৮ সালে। আর ২০০৬ ও ২০১৩ এই সময়ে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে।

২০০৬ ও ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার তথ্য বিশ্লেষণ করে বলা হয়, ২০০৬ সালে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে পাবনা, ঢাকা, কুষ্টিয়া, খুলনা, নারায়ণগঞ্জ, যশোর, ঝিনাইদহ, নওগাঁ, বগুড়া, চট্টগ্রাম, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা ও নোয়াখালীতে। আর ২০১৩ সালে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে সাতক্ষীরা, চট্টগ্রাম, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, যশোর, রাজশাহী ও রংপুরে। গবেষণায় প্রাপ্ত তথ্যে বলা হয়, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেই বেশির ভাগ সময়েই সহিংসতা হয়েছে কিংবা তারাই সহিংসতার শিকার। আবার রাষ্ট্রীয় সন্ত্রাসও হয়েছে।