ভোগ নয়, রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শ ছিল ত্যাগের। বঙ্গবন্ধু রাজনীতিতে নীতি-আদর্শকে সর্বোচ্চ স্থান দিতেন। তাঁর রাজনীতির লক্ষ্য নিছক ক্ষমতায় যাওয়া ছিল না, তা ছিল বাঙালির অধিকার আদায় বা জাতীয় মুক্তি অর্জনে নির্দেশিত।
রাজধানীর রমনায় গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে এক সাধারণ সভায় অসমাপ্ত আত্মজীবনী থেকে কারাগারের রোজনামচা: দ্য আনফোল্ডিং অব বঙ্গবন্ধু শীর্ষক প্রবন্ধ উপস্থাপনকালে এ কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। এশিয়াটিক সোসাইটির পঞ্চদশতম মাসিক সাধারণ সভা উপলক্ষে এই প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সভার শুরুতেই এশিয়াটিক সোসাইটির প্রয়াত সদস্য ও গুণী ব্যক্তি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক হারুন-অর-রশিদ। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। গণতন্ত্রই ছিল তাঁর রাজনৈতিক পথ। বাংলাদেশ ও জনগণের সার্বিক মুক্তির প্রশ্নে বঙ্গবন্ধু এতটাই নিবেদিতপ্রাণ ছিলেন যে, নিজের জন্মদিন কোনো সময় পালন করেননি। শোষিত-নিপীড়িত-নির্যাতিত বাঙালির একজন হিসেবে তিনি নিজেকে দেখেছেন এবং বাঙালি জাতির মুক্তির মধ্যেই তাঁর জন্মদিনের আনন্দ নিহিত ছিল।
অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, বঙ্গবন্ধুর কাছে সমগ্র পূর্ব পাকিস্তানই ছিল ‘একটা বড় কারাগার’। আর তাই, তাঁর দুটি গ্রন্থ হলো সেই বৃহৎ কারাগারের রোজনামচা। অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা-বঙ্গবন্ধুর এই দুটি বইয়ে শুধু তাঁর কারাজীবনের ঘটনাবলি নিয়ে নয়, বরং পাকিস্তানি শাসন-নিয়ন্ত্রণাধীন পূর্ব বাংলার মানুষ, সমাজ, অর্থনীতি, রাজনীতি, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য, শোষণ ও নিপীড়নের বাস্তব চিত্র বেশি স্থান পেয়েছে।
প্রবন্ধ পাঠের পর শুরু হয় বক্তৃতার ওপর আলোচনা। আলোচনায় অংশ গ্রহণ করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান।