সদ্য প্রয়াত রাজনীতিক আবদুর রাজ্জাকের স্মরণসভায় বক্তারা বলেছেন, রাজনীতিতে রাজ্জাকের ভূমিকা দেশের ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে। রাজনীতির প্রতিটি ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।আওয়ামী লীগের প্রথম সারির নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুর রাজ্জাকের স্মরণে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি ওই সভার আয়োজন করে। সভায় রাজ্জাকের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ছিলেন প্রধান অতিথি।তোফায়েল বলেন, ‘রাজ্জাক ভাই নিজেকে কখনো নেতা মনে করেননি। সব সময় ভাবতেন, তিনি সংগঠনের একজন কর্মী। অথচ তাঁর মতো দক্ষ সংগঠক বিরল। তাঁর শিষ্টাচার, নম্রতা ও ভদ্রতায় বঙ্গবন্ধু মুগ্ধ ছিলেন। এ জন্য বঙ্গবন্ধু তাঁকে বলতেন, “আমার রাজ্জাক”।’তোফায়েল বলেন, এখন বড় দুই দল নির্বাচনে মনোনয়ন দেয় এমন প্রার্থীদের, জনগণ যাঁদের চেনে না, জানে না। তাঁদেরই এমপি-মন্ত্রী করে। আগে এ রকম ছিল না। তৃণমূল থেকে গড়ে উঠে তারপর জাতীয় নেতা। তারপর মনোনয়ন, এমপি-মন্ত্রী।সভায় সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দেশের রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে, প্রতিটি ঘটনায় আবদুর রাজ্জাকের ভূমিকা ছিল অপরিসীম। ষাটের দশক থেকে ২০১১ সাল পর্যন্ত দেশের মহান রাজনীতিকদের ইতিহাস রচনা করা হলে সেখানে রাজ্জাক অন্যতম প্রধান ব্যক্তি হিসেবেই থাকবেন।’বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা মোজাফফর হোসেন সভায় সভাপতিত্ব করেন। সংগঠনের মহাসচিব হুমায়ুন কবিরের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, গণঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য, আইনজীবী এম আমীর-উল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।তাঁরা প্রত্যেকেই দেশের রাজনীতিতে আবদুর রাজ্জাকের গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করে বলেন, আবদুর রাজ্জাক বাংলাদেশের ইতিহাসের অংশ হিসেবে চিরঞ্জীব হয়ে থাকবেন।