রাজনীতিতে শিশুদের ব্যবহারে ইউনিসেফের উদ্বেগ
বাংলাদেশে রাজনৈতিক বিক্ষোভ ও আন্দোলনে শিশুদের ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ। গতকাল মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।
সংস্থাটি জরুরি ভিত্তিতে শিশুদের যেকোনো ধরনের সংঘর্ষ থেকে নিরাপদ রাখতে এবং রাজনৈতিক বিভেদ শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে মীমাংসার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত কয়েক সপ্তাহে দেশজুড়ে চলমান রাজনৈতিক বিক্ষোভে বেশ কয়েকজন শিশু প্রাণ হারিয়েছে অথবা গুরুতর আহত হয়েছে। এটা আশঙ্কার বিষয়। এসব বিক্ষোভ থেকে শিশুদের রক্ষার মাধ্যমে সহিংসতা ও বাধামুক্ত পরিবেশে তাদের জীবনযাপনের সুযোগ দিতে হবে।
ইউনিসেফ এর আগে চলতি বছরের গোড়ার দিকেও রাজনৈতিক সুবিধা আদায়ে শিশুদের ব্যবহারে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল। কিন্তু এর পরও আশঙ্কাজনকভাবে শিশুরা রাজনৈতিক আন্দোলনের শিকার হয়েছে।
বিবৃতিতে ইউনিসেফের প্রতিনিধি প্যাকেল ভিলনোভ বলেন, রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য শিশুদের ব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, ‘প্রবল অনিশ্চিত সময়ে, যেমন: নির্বাচনের আগে ও নির্বাচন চলাকালে শিশুদের আবাসস্থল, পারিপার্শ্বিক পরিবেশ এবং স্কুল নিরাপদ থাকা গুরুত্বপূর্ণ।’
প্যাকেল ভিলনোভ বলেন, শিশুদেরকে তাদের জীবনধারা চালিয়ে নেওয়া ও তাদের ন্যায্য অধিকার ভোগের সুযোগ এবং তাদের বাধাহীনভাবে মৌলিক সামাজিক সেবা দিতে হবে।