রাজনীতিতে সম্প্রীতির উদাহরণ গুরুদাসপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে সম্প্রীতির উদাহরণ নাটোরের গুরুদাসপুর। সেখানে হরতাল-অবরোধে সহিংসতা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াও নেই। ব্যবসাপ্রতিষ্ঠান-অফিস চলে স্বাভাবিক। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও স্থানীয়ভাবে চলছে। স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সমর্থকেরা কমবেশি সবাই ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত বলে হরতাল-অবরোধে সহিংসতায় জাড়ান না।
এলাকার অনেকে জানান, নাটোর-পাবনা-সিরাজগঞ্জ জেলার সীমান্তে বিলপাড়েই গড়ে উঠেছে গুরুদাসপুর উপজেলা।
বর্তমানে ‘ক’ শ্রেণীর পৌরসভা। গুরুদাসপুর বলতে উপজেলা ও পৌর সদর। অদূরেই আত্রাই-নন্দকুঁজা আর গুমানি নদীর মোহনায় গড়ে উঠেছে মূল ব্যবসাকেন্দ্র চাঁচকৈড়। এ ব্যবসাকে ঘিরেই গড়ে উঠেছে দুই শতাধিক বয়লার চাতাল। এখানে কয়েক হাজার শ্রমিক কাজ করেন।
চলনবিলের উৎপাদিত সব কৃষি ও কৃষিজাত পণ্য চাঁচকৈড় মোকামে বেচা-বিক্রি করা হয়। তাই এখানে রাজনৈতিক সহিংসতা না থাকায় উপজেলাবাসী সবাই খুশি।
উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আয়নাল হক তালুকদার জানান, সবার আগে ব্যবসা। এখানকার ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করেই হরতাল-অবরোধের মতো কর্মকাণ্ড পালন করা হয় মাঠে-ময়দানে। এখানে সব দলের রাজনৈতিক নেতাদের মধ্যে ব্যবসাবান্ধব সম্প্রীতি রয়েছে।
উপজেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বরকত আলী জানান, হরতাল-অবরোধের প্রভাব এখানে পড়ে না। এখানে শান্তিপূর্ণ মিছিল-মিটিং হয়। এ জন্য রাজনৈতিক দলের নেতাদের সহনশীলতা প্রশংসিত।
পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী জানান, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যবসার ক্ষেত্রে সবাই অভিন্ন। তাই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো মাঠেই সীমাবদ্ধ থাকে। এ কারণে হরতাল-অবরোধের প্রভাবমুক্ত গুরুদাসপুর।
উপজেলা জামায়াতের আমির ও ব্যবসায়ী আবদুল খালেক মোল্লা জানান, জন্মসূত্রেই এখানকার রাজনৈতিক নেতারা ব্যবসায়ী। ব্যবসা-বাণিজ্য করেই তাঁদের সংসার চলে। রাজনীতিকে ঊর্ধ্বে রেখে আয় বাড়াতে সবাই ব্যস্ত থাকেন। কারণ, এ ব্যবসার সঙ্গে এলাকার হাজার হাজার শ্রমিক জড়িত। তাই এখানে রাজনৈতিক কর্মকাণ্ড চলে শান্তিপূর্ণভাবে।
জাতীয় পার্টির সাবেক সাংসদ ও ব্যবসায়ী আবুল কাশেম সরকার জানান, রাজনৈতিক সৌহার্দ্যের কারণেই স্থানীয়ভাবে হরতালের প্রভাব পড়েনি। এটা গুরুদাসপুরবাসীর বড় পাওয়া। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গুরুদাসপুরে রাজনৈতিক সহিংসতা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এটা ইতিবাচক দিক। স্থানীয় রাজনীতি নিয়ে পুলিশ প্রশাসনকে বেগ পেতে হয় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার জানান, তিনি অনেক জায়গায় চাকরি করেছেন। তবে কোথাও এমন রাজনৈতিক সম্প্রীতি দেখেননি। এটা প্রসংশনীয়। এ জন্য গুরুদাসপুরবাসীকে ধন্যবাদ।