রাজনীতিতে সহনশীলতা নিশ্চিত হওয়া দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের হীরকজয়ন্তী ও দ্বিতীয় অ্যালামনাই সম্মিলন গতকাল শুক্রবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আতিউর রহমান বলেন, ‘নামকরা সব বিশ্ব গণমাধ্যমের চোখে হালের বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি প্রতিনিয়তই ধরা পড়ছে। বাংলাদেশের সঙ্গে আরও কিছু দেশ ভালো করছে। শুধু দীর্ঘ মেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলেই বাংলাদেশ সমমানের অন্য দেশগুলোকে পেছনে ফেলে এগোতে পারবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতা নিশ্চিত হওয়া দরকার। তাহলে দেশ নিঃসন্দেহে সমৃদ্ধির দৌড়ে প্রথম সারিতেই থাকব।
বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সভাপতি মোহাম্মদ আলী। অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক সনৎকুমার সাহা, অর্থনীতিবিদ ও গবেষক মোস্তফা কামাল মুজেরী, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সাওয়ার জাহান।