রাজনীতিতে 'আইসব্রেকিং' শুরু হয়েছে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রকিবউদ্দীন আহমদ
কাজী রকিবউদ্দীন আহমদ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আইসব্রেকিং (বরফ গলা) শুরু হয়েছে। দেশ সন্তোষজনক পরিস্থিতির দিকে এগোচ্ছে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের অবস্থান-বিষয়ক এক প্রশ্নের উত্তরে সিইসি এ কথা বলেন।

অফিস শেষে বের হওয়ার সময় সিইসি বলেন, ‘আসন্ন নির্বাচন নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। সবাই শান্তিপূর্ণ নির্বাচন চায়। গণতন্ত্রের এটাই মূলমন্ত্র।’ সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন সিইসি।

আচরণবিধি নিয়ে কমিশন কাজ করছে, শিগগির এটি চূড়ান্ত হবে বলেও উল্লেখ করেন সিইসি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যাতে সবার বেলায় সমান থাকে, সে বিষয়ে কমিশন যত্নবান বলেও জানান তিনি।

কবে নাগাদ তফসিল ঘোষণা হবে, গণমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, তফসিল ঘোষণা হলে সবাই জানতে পারবে। ৩০ থেকে ৪৫ দিন সময় রেখে এটি ঘোষণা করা হবে। দুই থেকে চার দিন এদিক-সেদিক হতে পারে।