মহাজোটের সাংসদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে গুম, অপহরণের মতো ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। রাজনীতিবিদও গুম হচ্ছে। তাই একজন রাজনীতিবিদ হিসেবে আমি নিজেও নিরাপদ বোধ করি না।’রাশেদ খান মেনন গতকাল শুক্রবার শাহজাহানপুর থানার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার নাকি ইলিয়াস আলীকে গুম করেছে, এটা মিথ্যা কথা। আমরা গণতান্ত্রিক সরকার। গুম-হত্যায় বিশ্বাস করি না।’ তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছে। বের করার পরই প্রকাশ পাবে, ইলিয়াস আলী কোথায় ছিলেন।’ তিনি বলেন, ইলিয়াসের নিখোঁজের ঘটনা নিয়ে বিরোধী দল সহযোগিতা না করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। তাঁর সন্ধানে র্যাব-পুলিশের সঙ্গে তাঁর স্ত্রীও পুবাইলে অভিযানে গিয়েছিলেন। কিন্তু বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, তিনি নাকি যাননি।বিকেলে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা মহানগরের ৪৭তম এ থানার উদ্বোধন অনুষ্ঠান হয়। শাহজাহানপুর পুলিশ ফাঁড়িতে এ থানার কার্যক্রম চলবে। বিশেষ অতিথি আইন প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনা নিয়ে সরকারকে হেয় করার চক্রান্ত চলছে।স্থানীয় সাংসদ রাশেদ খান মেনন বলেন, ইলিয়াস আলীর সন্ধান করা সরকারের কর্তব্য। এ ক্ষেত্রে বিএনপির উচিত ছিল সরকারকে সহযোগিতা করা। কিন্তু তারা তা করেনি।ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ভালো কাজের জন্য পুলিশকে সাধুবাদ দিতে হবে। এতে তারা উৎসাহ পাবে।