রাজনীতিবিদ প্রার্থী মাত্র চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর বিভাগে ৩৩ আসন
রংপুর বিভাগে ৩৩ আসন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসন থেকে অংশ নেওয়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মাত্র ৪ জন পেশাদার রাজনীতিবিদ আছেন। তবে আশঙ্কার কথা হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের মধ্যে একজনও রাজনীতিবিদ নেই।
দুই জোটের ৬৬ জন প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। দুই জোটে সবচেয়ে বেশি, ১৯ জন ব্যবসায়ী প্রার্থী হয়েছেন।
জাতীয় সংসদে রাজনীতিবিদদের প্রাধান্য থাকার কথা থাকলেও সেখানে ব্যবসায়ীসহ অন্যান্য পেশার লোকজনের সংখ্যাই বেশি। ফলে সাংসদ নির্বাচিত হয়ে যাঁরা জাতীয় সংসদে আসবেন, তাঁরা দেশ ও জনগণের সেবায় কতটুক কার্যকর ভূমিকা পালন করবেন, তা নিয়ে সংশয় রয়েছে।
বিগত কয়েকটি সংসদের মতো একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ীদের একচ্ছত্র আধিপত্য বজায় থাকবে। কারণ, হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, রংপুর বিভাগের ৩৩টি আসন থেকে যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যাই বেশি। মহাজোট ও ঐক্যজোটের ৬৬ জনের মধ্যে ১৯ জনই ব৵বসায়ী। অর্থাৎ ২৮ দশমিক ৭৯ শতাংশই ব্যবসায়ী।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের ৩৩ জন্য প্রার্থীর মধ্যে ৯ জন ব্যবসায়ী। এই জোটের মোট প্রার্থীর মধ্যে ২৭ দশমিক ২৭ শতাংশই ব্যবসায়ী। আবার বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে ব্যবসায়ীর সংখ্যা ১০ বা প্রায় ৩০ দশমিক ৩০ শতাংশ।
রাজনীতিবিদেরা নির্বাচনে নেই কেন?—এমন এক প্রশ্নের জবাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, রাজনীতিতে ত্যাগ ও জনকল্যাণে নিবেদিত থাকার যে চেতনা কিংবা বাসনা, সেটি এখন লুপ্তপ্রায়। এ ছাড়া বাজার অর্থনীতির প্রভাবে রাজনীতি এখন লাভজনক পেশা হওয়ায় ব্যবসায়ী ও অরাজনৈতিক ব্যক্তিরা এদিকে ঝুঁকে পড়ছেন।
এ বিষয়ে সুজনের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক সাহা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাজনীতিতে আসবেন রাজনীতিবিদেরা। যাঁরা রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করবেন। কিন্তু এখন রাজনীতিতে আসছেন ব্যবসায়ীরা। এতে রাজনীতির মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং দুর্নীতির পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। এসব প্রার্থী সাংসদ নির্বাচিত হলে তাঁরা তাঁদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবেন।
একই বিষয়ে গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে মানায়, যাঁরা জনগণের জন্য প্রতিশ্রুতি দেন, জনগণের কথা ভাবেন, তাঁরাই জনগণের ভালোমন্দ বুঝতে পারেন। কিন্তু হঠাৎ করে ব্যবসায়ী বা অন্য পেশার লোক রাজনীতিতে এলে তাঁরা জনগণের কথা বুঝতে পারেন না। রাজনীতি রাজনীতিবিদদের হাতে না থাকার কারণে আজকে রাজনীতি নিয়ে মানুষের মধ্যে বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। তাই রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরিয়ে আনতে হবে। এ জন্য প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রচর্চা করতে হবে। শীতের পাখি বা অতিথি পাখির মতো যাঁরা এসে পদ দখল করেন, তাঁরা রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। যাঁরা জনগণকে নিয়ে কখনো ভাবেননি, রাজনীতি করেননি, কালোটাকার প্রভাবে হঠাৎ করে রাজনীতিতে এসে রাজনীতিকে কলঙ্কিত করছেন। ফলে প্রকৃত রাজনীতিবিদদের ক্ষমতায় যাওয়া উচিত।
আইনজীবী : এবারের নির্বাচনে রংপুর বিভাগে এই দুই জোট থেকে আইনজীবী প্রার্থীর সংখ্যা ৮ জন। তাঁদের মধ্যে মহাজোট থেকে ৪ জন ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ৪ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা মোট প্রার্থীর ১২ দশমিক ১২ শতাংশ।
পেশাজীবী: পেশাজীবী বলতে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদসহ উচ্চশিক্ষিত শ্রেণির ব্যক্তিদের বোঝায়। নির্বাচনে এই শ্রেণির মানুষের আসার প্রবণতা দিন দিন কমে যাচ্ছে। রংপুর বিভাগে মহাজোট ও ঐক্যফ্রন্ট থেকে মাত্র ৩ জন করে পেশাজীবী প্রার্থী হয়েছেন, যা মোট প্রার্থীর মাত্র ৯ দশমিক শূন্য ৯ শতাংশ।