রাজনীতিবিদদের ওপর আস্থা হারালে দেশটা চালাবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনীতিবিদদের ওপর যদি মানুষ আস্থা হারিয়ে ফেলে, তবে দেশটা চালাবে কে? বেপরোয়া চালকদের মতো আমরা রাজনীতিকেরাও যদি বেপরোয়া হয়ে যাই, তাহলে দেশটা চলবে কীভাবে?’
গতকাল শুক্রবার সকালে ঢাকা-নরসিংদী সড়কের গাজীপুরের মীরেরবাজার এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, ‘এখন সরকারের শেষ সময়। সময় যত যাবে, ততই উত্তাল সময় অতিক্রম করতে হবে। এ দেশে নেতিবাচক রাজনীতির কারণে রাজনীতিকদের ওপর জনগণ বিরক্ত। এখন মানুষ ভাবে, তাদের ভাগ্য নিয়ে আমরা নিষ্ঠুর তামাশা করছি।’ ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতুর কাজ চলমান, মূল সেতুর টেন্ডার হয়েছে। এখন টেকনিক্যাল কমিটি এর কার্যাদেশ প্রদান করবে। তিনি বলেন, টঙ্গী-ঘোড়াশাল সড়কে রাস্তার তুলনায় যানবাহনের চাপ বেশি, রাস্তা অপ্রশস্ত। এ কারণে টঙ্গী থেকে ঘোড়াশাল পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। চলতি বছরের আগস্ট মাসেই টেন্ডার দেওয়া হবে। বর্ষা শেষেই কাজ শুরু হবে। রাস্তার উভয় পাশে তিন ফুট করে ছয় ফুট বাড়ানো হবে। এ জন্য ৪০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মনোয়ার উজ জামান প্রমুখ।