আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে বিরোধী দল আন্দোলন করছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এ ব্যবস্থা বাতিল হয়ে গেছে। তাই নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হতে পারে। সংসদীয় গণতন্ত্রের দেশগুলোতে তা-ই হয়। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশবাসীকে একত্র করে এ দাবি আদায় করতে হবে।গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বাংলাদেশের রাজনীতির গতিবিধি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় দুই শীর্ষ রাজনৈতিক নেতা এসব কথা বলেন। সিরডাপ মিলনায়তনে আয়োজিত ওই গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।সভায় তোফায়েল আহমেদ বলেন, এখন ছাত্রদের হাতে ছাত্ররাজনীতি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকেও ছাত্ররাজনীতি হারিয়ে গেছে। একজন সেনাশাসক ঘোষণা দিয়ে ছাত্ররাজনীতিকে জাতীয় রাজনীতির অঙ্গসংগঠনে পরিণত করায় এই অবস্থা হয়েছে। তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদদের কাছ থেকেও রাজনীতি হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই আজ আমরা কোনো জাতীয় বিষয়েও ঐক্যবদ্ধ হতে পারি না।’প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা বলেন, বর্তমানে দেশ একটি সংঘাত ও গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। শান্তির জন্য বিরোধী দল ও সরকারি দলের মধ্যে একটি সংলাপ আবশ্যিক হয়ে উঠেছে। রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমানে রাজনীতিতে গতি আছে, কিন্তু বিধি নেই। স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত-শিবির প্রতিহত করতে ছাত্রলীগ-যুবলীগকে নির্দেশ দিয়েছিলেন। এটা রাজনীতির কোন বিধির মধ্যে পড়ে? স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরই নিরপরাধ বিশ্বজিৎ হত্যার মতো ঘটনা ঘটেছে।সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই গোলটেবিল আলোচনায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বক্তব্য দেন।