রাজনীতিবিদদের ঠিকাদারি, ঠিকাদারেরা রাজনীতিবিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতিবিদদের ঠিকাদারি, ঠিকাদারেরা রাজনীতিবিদ
রাজনীতিবিদদের ঠিকাদারি, ঠিকাদারেরা রাজনীতিবিদ

যশোরের রাজনীতিতে ঠিকাদারদের অনুপ্রবেশে উদ্বিগ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। অথচ একসময় এই তরিকুল ইসলামের হাতেই যশোরে রাজনীতিবিদদের ঠিকাদারির হাতেখড়ি হয়েছিল।তরিকুল ও তাঁর বন্ধু বর্তমানে যশোর সদর আসনের আওয়ামী লীগের সাংসদ খালেদুর রহমান টিটো মিলে অংশীদারির ভিত্তিতে গড়েছিলেন ইউনাইটেড বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তরিকুল ও টিটোর ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড বিল্ডার্সের সঙ্গে তাঁদের আরও তিন বন্ধু মাহবুবুর রহমান, হাসানুজ্জামান ও ইকবাল মাহমুদ যুক্ত ছিলেন।তরিকুল ও টিটোর আরেক বন্ধু বর্তমানে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু ইউনাইটেড বিল্ডার্সে যুক্ত হননি। তবে প্রায় একই সময়ে তিনিও ঠিকাদারি শুরু করেছিলেন। তরিকুল বলেন, ইউনাইটেডে যোগ না দিলেও রাজুর সঙ্গে মাঝেমধ্যে অংশীদারির ভিত্তিতে ব্যবসা করেছেন তিনি।খালেদুর রহমান বলেন, ‘আমি আসলে শিক্ষকতা করতে চেয়েছিলাম। এখনো আমার মনে হয়, রাজনীতিবিদদের জন্য শিক্ষকতার চেয়ে ভালো কোনো পেশা নেই। তবে শিক্ষকতা করে রাজনীতিতে খুব একটা সময় দেওয়া যাচ্ছিল না বলে ঠিকাদারি ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’আলী রেজা বলেন, তখন ঠিকাদারিও আর পাঁচটা ব্যবসার মতো ছিল। সবার সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হতো। তখন ঠিকাদারি এখনকার মতো সহজেই ধনী হয়ে যাওয়ার মাধ্যম ছিল না।তরিকুল রাজনীতিতে টিকে থাকার জন্যই ঠিকাদারি শুরু করেছিলেন বলে জানান। তাঁর মতে, বিগত দুই দশকে ঠিকাদারিতে গুণগত পার্থক্য এসেছে। আগে রাজনীতিবিদেরা ঠিকাদারি করে টিকে থাকার চেষ্টা করতেন। এখন ঠিকাদারেরা ঠিকাদারিতে আধিপত্য বিস্তার করবেন বলে রাজনীতিতে আসেন। উদাহরণ হিসেবে তিনি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের কথা বলেন।শাহীন চাকলাদারের প্রতি তরিকুলের উষ্মার শেষ নেই। তাঁর মতে, রাজনৈতিক ঐতিহ্যের শহর, রাজনৈতিক সহাবস্থানের শহর যশোরে রাজনৈতিক সহিংসতার জন্মদাতা হলেন শাহীন চাকলাদার। শাহীন সম্পর্কে মন্তব্য করতে বলা হলেই তরিকুল তাঁকে ‘ভুঁইফোড়’ ও ‘অসংস্কৃত রাজনীতিক’ বলে উড়িয়ে দেন। পাল্টা প্রশ্নে জানতে চান, আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে কোথায় ছিলেন শাহীন? ছাত্রজীবনে কী করেছিলেন তিনি?

শাহীন চাকলাদার অবশ্য ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন বলে জানান। তবে তখন থেকে পারিবারিক ব্যবসায় যুক্ত থাকার কারণে সংগঠনের কোনো পদ-পদবিতে ছিলেন না তিনি। পারিবারিকভাবে অবস্থাপন্ন পরিবারের ছেলে শাহীন পেশাগত জীবনের শুরু থেকেই পরিবারের গার্মেন্টস, ঠিকাদারি, পরিবহনসহ নানা ব্যবসায় জড়িয়ে পড়েন।

জানা যায়, ব্যবসায়িক কারণে এর আগেরবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফ আবদুর রাকিবের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। রাকিবের মাধ্যমে ঠিকাদারি কাজ পাওয়ার পাশাপাশি আওয়ামী লীগের সেই সময়কার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল জলিল ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলালের সঙ্গে পরিচিত হন। এই পরিচয়ের সূত্রেই পরবর্তীকালে যুবলীগ হয়ে আওয়ামী লীগে এবং সর্বশেষ কাউন্সিলে সাধারণ সম্পাদকের পদে চলে আসেন তিনি।

টিটো ও রাজু কিন্তু তরিকুলের মতো প্রকাশ্যে শাহীনকে নিয়ে মন্তব্য করেন না। তবে রাজু দলীয় ফোরামে শাহীনকে তুলোধুনো করার সুযোগ পেলে ছাড়েন না। তিনি বিভিন্ন সময় ঠিকাদারিতে আধিপত্য বিস্তার থেকে চোরাচালান সিন্ডিকেট পরিচালনায় শাহীনের যুক্ত থাকার অভিযোগ তুলেছেন। গত বছর ২৩ আগস্ট ঈদ পুনর্মিলনীর নামে নিজের বাসার সামনের একটি আবাসিক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে রাজু বলেছিলেন, বিলুপ্ত হাসান-মিজান সিন্ডিকেট পরিচালনা করছেন শাহীন চাকলাদার। পরে আবার গত বছরের ১৮ সেপ্টেম্বর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়ও শাহীন চাকলাদারের বিরুদ্ধে হাসান-মিজান সিন্ডিকেট দখল করার অভিযোগ এনেছিলেন রাজু। বছর চারেক আগে যশোরে সন্ত্রাস ও চোরাচালানের শীর্ষে ছিল আহসান হাবীব ওরফে হাসানের নাম। হাসানের সঙ্গে তখন তাঁর ভাই মিজানের নাম যুক্ত হয়ে তাঁদের সিন্ডিকেটের নাম হয়েছিল হাসান-মিজান সিন্ডিকেট। ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ক্রসফায়ারে নিহত হন হাসান ও মিজান।

যশোরে চোরাচালান থেকে ঠিকাদারি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটক চোরাচালান পণ্যের নিলাম, জমি কেনাবেচা—সর্বত্রই ছিল হাসান-মিজানের আধিপত্য। যশোরের অনেক লোক বিশ্বাস করেন, হাসান তাঁর ভাই নূরুন্নবীর মাধ্যমে তরিকুলের সঙ্গে যোগাযোগ রাখতেন।

তরিকুল অবশ্য এ অভিযোগ নাকচ করে বলেন, ‘নূরুন্নবী বিএনপির রাজনীতি করেন। কাজেই তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু হাসানের সঙ্গে তো নূরুন্নবীরই যোগাযোগ ছিল না। কাজেই হাসানের সঙ্গে আমার যোগাযোগের কোনো প্রশ্নই ওঠে না।’

শাহীন চাকলাদার অবশ্য অকপটে প্রবীণ এ নেতাদের প্রতি তাঁর ক্ষোভের কথা জানিয়ে দিলেন। তিনি বলেন, একসময় তরিকুল ইসলাম বলতেন, তিনি বিএনপি করলেও যশোরের সব রাজনৈতিক দল পরিচালনার দায় তাঁকেই নিতে হয়। আমি আওয়ামী লীগের দায়িত্ব কাঁধে নেওয়ার পর এ কথা বলার সুযোগ নষ্ট হয়ে গেছে। তাই তরিকুল ইসলাম ও তাঁর বন্ধুরা তাঁকে বিব্রত করার জন্য মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন। তিনি যশোর সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আর ঠিকাদারি করছেন না বলে জানান। তবে তাঁর ঠিকাদারি লাইসেন্স দিয়ে অন্যরা কিছু কাজ করেছেন।

শাহীন চাকলাদার ব্যবসা-বাণিজ্য গুটিয়ে রাজনীতিতে আরও মনোনিবেশ করার কথা জানান। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে উত্তরাধিকার সূত্রে যে পরিমাণ সহায়-সম্পত্তি আমাদের আছে, তা দিয়ে কোনো রকমে এক জীবন কাটিয়ে দিতে পারব।’

শাহীন চাকলাদারের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা গেল, তিনি এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সংসদ নির্বাচনে যশোর সদর আসনে মনোনয়ন চাইবেন তিনি। তবে মনোনয়ন পাওয়ার জন্য তাঁকে বর্তমান সাংসদ খালেদুর রহমান টিটো ও আলী রেজা রাজুর সঙ্গে লড়তে হবে। বিএনপি থেকে এ আসনে প্রার্থী হবেন তরিকুল ইসলাম। একসময় রাজু ও টিটো বিএনপিতে যোগ দিয়ে সদর আসনে মনোনয়ন চেয়েছিলেন এবং মনোনয়ন না পাওয়ায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে চলে যান।

পরে ’৯৬ সালের ওই নির্বাচনে তিন দলের প্রার্থী হয়ে লড়াইয়ে নেমেছিলেন এই তিন বন্ধু। সেবার রাজু ৭৫ হাজার ৭৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির তরিকুল ৬৫ হাজার ৬৩৪ ভোট এবং জাতীয় পার্টির টিটো পান ৬৫ হাজার ৩৭৩ ভোট।

যশোরবাসীর ধারণা, ’৯৬ সালের ওই নির্বাচনের মধ্য দিয়ে আলোচিত তিন বন্ধুর বিচ্ছেদ স্থায়ী হয়। সেই থেকে আর একসঙ্গে ব্যবসা-বাণিজ্য করার কথা ভাবতেই পারেন না তাঁরা। অবশ্য তরিকুল বলেন, ‘কথাটা ঠিক নয়, আমাদের বন্ধুত্বে চিড় ধরেনি কখনো। তা ছাড়া রাজনৈতিক দূরত্ব তৈরি হওয়ার অনেক আগেই আমরা একসঙ্গে ব্যবসা-বাণিজ্য করা ছেড়ে দিয়েছি। ছোটখাটো মনোমালিন্যের কারণে ’৭৫ সালের দিকে ইউনাইটেড ছেড়ে দেন টিটো এবং আমি ’৭৯ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর ব্যবসায় আর মনোযোগ দিতে পারছিলাম না। পরে ’৮২ সালে মন্ত্রী হওয়ার পর চিরতরে বন্ধ করে দিই প্রতিষ্ঠানটি।’

তরিকুল, টিটো ও রাজু—এখন আর কিছুই করেন না। তরিকুল বলেন, তাঁর আয়ের প্রধান উৎস বাড়ি ভাড়া। টিটো ছেলেদের আয়ের ওপর নির্ভরশীল বলে জানান। রাজুর একটি আবাসিক হোটেল আছে। তরিকুল, টিটো, রাজু ও শাহীন—কেউই ঠিকাদারির সঙ্গে যুক্ত নন। তবে যশোরবাসীর ধারণা, ঠিকাদারি নিয়ে রক্তারক্তির পেছনে তাঁদের হাত থাকে। নতুন প্রজন্মের ঠিকাদারেরা তাঁদের ইশারাতেই পরিচালিত হন।

বর্তমানে শহরের সবচেয়ে বড় ঠিকাদার হলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার ওরফে রেন্টু চাকলাদার। সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরীও ঠিকাদার। ঠিকাদারি করেন যুবদলের সভাপতি এহসানুল হক ও সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী। মূলত তাঁরাসহ যুবলীগ ও যুবদলের অধিকাংশ নেতা সরাসরি ঠিকাদারি ব্যবসা করেন। ছাত্রদল ও ছাত্রলীগের শীর্ষনেতাদের কারও নামে ঠিকাদারি লাইসেন্স নেই। তবে মাঝেমধ্যেই এ দুই সংগঠনের শীর্ষনেতারা লড়াইয়ে জড়িয়ে পড়ছেন ঠিকাদারি নিয়ে। এদিক থেকে অবশ্য রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এখন ছাত্রলীগ একটু এগিয়ে। পৌর মেয়র বিএনপির নেতা হওয়ায় ছাত্রদল নেতাদের বেশি দৌড়ঝাঁপ মূলত পৌরসভাকেন্দ্রিক। (শেষ)