বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেছেন, সরকার রাজনীতিবিদদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একটি বড় দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা প্রমাণ করে এদের কাছে কেউই নিরাপদ নয়।গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন। লক্ষ্মীপুরে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, একই কর্মসূচি দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় সদরেও পালিত হয়েছে। নজরুল ইসলাম খান আরও বলেন, পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে মির্জা ফখরুল লক্ষ্মীপুর গিয়েছিলেন। সেখানে ২০ থেকে ৩০ হাজার লোকের সমাবেশ হয়েছে। সে সমাবেশে হামলার দুঃসাহস দেখায়নি আওয়ামী সন্ত্রাসী বাহিনী। কিন্তু সমাবেশ শেষে মির্জা ফখরুল যখন সফরসঙ্গীদের নিয়ে রওনা হয়েছেন তখন তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়েছে। নজরুল ইসলাম খান অভিযোগ করেন, এ হামলা ছিল পরিকল্পিত। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘মির্জা ফখরুল ও সাংবাদিকদের নিরাপত্তা দিতে অক্ষম এ সরকার এখন বলছে এ ঘটনা নাকি সাজানো। এ বক্তব্যের জবাব দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা এর নিন্দা জানাই। খুনি আসামিদের ছেড়ে দিয়ে বিএনপির আন্দোলনকে বন্ধ করা যাবে না।’ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগরের সদস্য-সচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।সমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকের কাছে গিয়ে শেষ হয়।