রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তরা রাজনীতিতে প্রবেশ করার চেষ্টা করছে। রাজনীতি এখন রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দুর্বৃত্তদের পরাভূত করে আতাউর রহমান খান কায়সারদের মতো মানুষদের রাজনীতির নেতৃত্বে বসাতে হবে। তখনই সেই রাজনীতি জনকল্যাণে আসবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অায়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই স্মরণসভার আয়োজন করে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংসদ শামসুল ইসলাম চৌধুরী, সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, আতাউর রহমান খান কায়সারের কন্যা সাংসদ ওয়াসিকা আয়েশা খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
অনুপম সেন বলেন, আতাউর রহমান খান কায়সার ছিলেন প্রজ্ঞাবান রাজনীতিবিদ। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক নির্যাতন ও জেল-জুলুম সহ্য করেছিলেন। ওয়ান-ইলেভেনের পর অনেকে আত্মগোপনে চলে গেলেও তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছিলেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, জমিদার পরিবারের সন্তান হয়েও আতাউর রহমান খান কায়সার সাধারণ মানুষের পাশে আজীবন ছিলেন। তিনি সাধারণ মানুষকে ভালোবাসতেন। তাঁদের সুখে-দুঃখে এগিয়ে আসতেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নেও তিনি ভূমিকা রেখেছিলেন।
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আতাউর রহমান খান কায়সার মেধা দিয়ে দল ও দেশের জন্য কাজ করে গেছেন। রাজনীতিতে এখন যে দুর্বৃত্তায়ন ঘটেছে তা থেকে উত্তরণের পথ খোঁজার জন্য এই প্রজন্মের কাছে তাঁর মতো রাজনীতিবিদদের অবদান তুলে ধরতে হবে। তাঁদের জানাতে হবে, জনগণকে কিছু দেওয়ার জন্য রাজনীতি, কেড়ে নেওয়ার জন্য নয়।
মেয়র নাছির কর্ণফুলী নদীর তলদেশে নির্মিতব্য টানেলের নামকরণ আতাউর রহমান খান কায়সারের নামে করতে সরকারের প্রতি আহ্বান জানান।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, আতাউর রহমান খান কায়সার ছিলেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর দেখা পথ অনুসরণ করলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।
মোছলেম উদ্দিন বলেন, দলের গ্রুপিংয়ের মতো ধ্বংসাত্মক রাজনীতির ঘোর বিরোধী ছিলেন আতাউর রহমান। নেতা-কর্মীদের কাছে আওয়ামী লীগের একজন অভিভাবক হিসেবে তিনি ছিলেন এবং থাকবেন।