রাজনীতিবিদদের সম্মানে খালেদা জিয়ার ইফতার
রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজনীতিবিদদের সম্মানে বিএনপি গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ইফতারের আয়োজন করে।বিএনপির ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে বিশেষ মোনাজাতে রাজনীতিবিদেরা দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করেন।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসের নেতারা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি।