রাজনীতিবিদেরা ম্যান্ডেলা থেকে কিছুই শেখেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সিবিসিবি সেন্টারে গতকাল ‘মানবাধিকার, গণতন্ত্র এবং নেতৃত্ব: ম্যান্ডেলা ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান ছবি: প্রথম আলো
রাজধানীর সিবিসিবি সেন্টারে গতকাল ‘মানবাধিকার, গণতন্ত্র এবং নেতৃত্ব: ম্যান্ডেলা ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান ছবি: প্রথম আলো

নেলসন ম্যান্ডেলার কাছ থেকে আমাদের রাজনীতিবিদেরা কিছুই শিক্ষা নেননি। বরং আজকের বাংলাদেশ ম্যান্ডেলার আদর্শের বিপরীতে চলে গেছে। আমাদের উচিত নীতির প্রশ্নে আপস না করার ব্যাপারে তাঁর আদর্শ গ্রহণ করা।
গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রয়াত অবিসংবাদিত নেতাকে নিয়ে এক আলোচনা সভায় বিশিষ্টজনেরা এসব কথা বলেন।
হিউম্যান রাইটস ফোরাম রাজধানীর মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে ‘মানবাধিকার, গণতন্ত্র এবং নেতৃত্ব: ম্যান্ডেলা ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এতে সভাপতিত্ব করেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বলেন, ‘আমি সব ক্ষমতার কেন্দ্রবিন্দু—এই ধারণার বাইরে ছিলেন ম্যান্ডেলা। তিনি সারা জীবন শান্তির পক্ষে আন্দোলন করেছিলেন। তবে একবার উনি সশস্ত্র পন্থা বেছে নিয়েছিলেন। অবশ্য তখন তিনি তাঁর রাজনৈতিক সহকর্মীদের বলেছিলেন, কোনো নিরীহ মানুষের যাতে ক্ষতি না হয়।’
সাবেক এই প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সময়ের রাজনীতিবিদেরা ম্যান্ডেলা থেকে কিছুই শিখতে পারলেন না। তবে ম্যান্ডেলার মতো মানুষের কথা আমাদের বলে যেতে হবে, যাতে ভবিষ্যতে তাঁর আদর্শকে ধারণ করতে পারে—এমন কেউ হয়তো আমাদের দেশের নেতৃত্ব দিতে তৈরি হবে।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ম্যান্ডেলা জেল থেকে বের হয়ে একবার নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় ছিলেন। এরপর নতুনদের জায়গা করে দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, যখন পুরো বাংলাদেশ ম্যান্ডেলার আদর্শের বিপরীত অবস্থানে চলে গেছে।...আমরা যখন জিতি, তখন এই রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের যন্ত্র হিসেবে দেখি।’
আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘রাজনীতিবিদেরা নেলসন ম্যান্ডেলার কাছ থেকে কিছুই শিখবেন না। তবে সব সময় রাজনীতিবিদেরাই দেশ চালাবেন—এমনটা নয়। আমাদের নাগরিক সমাজেরও দায়িত্ব আছে। নীতির প্রশ্নে কোনো আপস না করার ব্যাপারে ম্যান্ডেলার আদর্শ থেকেও আমাদের শিক্ষা নিতে হবে।’
সভায় মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘ম্যান্ডেলা তাঁর শত্রুপক্ষকেও যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছিলেন, আমাদের রাজনীতিতে সে সংস্কৃতি বিরল। আমাদের এখানকার সংস্কৃতি হচ্ছে সবকিছু আমি করেছি।’
শাহীন আনাম আরও বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, কিন্তু এর পরিণতি কী হতে পারে, তা-ও আমাদের মাথায় রাখতে হবে।’