রাজনীতিবিষয়ক বইয়ের কদর বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ আগেও অমর একুশে গ্রন্থমেলা বলুন আর সারা বছরের বিক্রিবাট্টা বলুন, এককথায় উপন্যাসের ছিল জয়জয়কার। সাম্প্রতিক দিনগুলোতে রাজনীতিবিষয়ক বই আর রাজনৈতিক ইতিহাসের বইয়ের কদর অনেক বেড়েছে। উপন্যাসের ক্ষেত্রে লেখকের নামটা পাঠকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রাজনীতিবিষয়ক বই বা ইতিহাসগ্রন্থের ক্ষেত্রে শুধু ‘ভালো’ লেখক হলে কাজ হয় না, বই ভালো হলে তবেই পাঠক সংগ্রহ করেন আগ্রহভরে।
প্রথমা প্রকাশনের জাফর আহমদ জানান, এবারের বইমেলায় প্রথমা প্রকাশ করেছে রাজনীতি ও রাজনৈতিক ইতিহাসবিষয়ক পাঁচটি বই। মেলার দ্বিতীয়ার্ধে এসেছে ড. আকবর আলি খানের অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতি। ৭০০ টাকা দামের এই বইয়ের দ্বিতীয় মুদ্রণ আসছে আগামীকাল সোমবার। মহিউদ্দিন আহমদের আওয়ামী লীগ: উত্থানপর্ব ১৯৪৮-১৯৭০ প্রকাশের অল্প দিনের মধ্যে নিঃশেষিত হয়ে যায়। এখন দ্বিতীয় সংস্করণ বিক্রি হচ্ছে বইমেলায়। একটা জনগোষ্ঠীর জেগে ওঠার কাহিনি লেখা হয়েছে এ বইয়ে। এর সঙ্গে মিশে আছে একটি রাজনৈতিক দলের জন্ম ও বেড়ে ওঠার গল্প, সাংবিধানিক গণতন্ত্র আর আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের লক্ষ্যে নিরন্তর লড়াই। অনুসন্ধানী গবেষক মহিউদ্দিন আহমদ অতীত খুঁড়ে জানা-অজানা অনেক তথ্য তুলে এনেছেন এখানে। এই বইয়ের দ্বিতীয় পর্ব আওয়ামী লীগ: যুদ্ধদিনের কথা ১৯৭১ প্রকাশিত হবে মার্চ মাসে।
প্রথমা থেকে প্রকাশিত মহিউদ্দিন আহমদের প্রথম বই জাসদের উত্থান-পতন: অস্থির সময়ের রাজনীতি বইটির সপ্তম সংস্করণ এখন মেলায় রয়েছে। এই লেখকের আরেকটি বই বিএনপি: সময়-অসময়-এর দ্বিতীয় সংস্করণ এখন শেষের পথে।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর অবিরাম পথ খোঁজা মেলায় এসেছে প্রথমা থেকে। আরেকটি নতুন বই অধ্যাপক বদরুল আলম খানের গণতন্ত্রের বিশ্বরূপ ও বাংলাদেশ। এর আগে প্রকাশিত এই লেখকের সংঘাতময় বাংলাদেশ: অতীত থেকে বর্তমান বইটির প্রথম সংস্করণ ইতিমধ্যে নিঃশেষিত হয়েছে।
প্রথমার রাজনীতিবিষয়ক তিনটি ইংরেজি বইয়ের প্রতিটির একাধিক সংস্করণ প্রকাশিত হয়েছে। বইগুলো হলো অধ্যাপক রওনক জাহানের পলিটিক্যাল পার্টিজ অব বাংলাদেশ, অধ্যাপক আলী রীয়াজের হাউ ডিড উই অ্যারাইভ হিয়ার ও ইনকনভিনিয়ন ট্রুথস অ্যাবাউট বাংলাদেশি পলিটিকস। আলী রীয়াজ বাংলায় লিখেছেন ভয়ের সংস্কৃতি: বাংলাদেশে আতঙ্ক ও সন্ত্রাসের রাজনৈতিক অর্থনীতি। বইমেলায় আছে মুহাম্মদ হাবিবুর রহমানের বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি: ১৯৭১-২০১১ বইটির তৃতীয় মুদ্রণ।
প্রথমা অতীতে প্রকাশ করেছে মতিউর রহমানের খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০ (২য় মুদ্রণ), বদরুল আলম খানের সংঘাতময় বাংলাদেশ: অতীত থেকে বর্তমান, আনোয়ার উল আলমের রক্ষীবাহিনীর সত্য-মিথ্যা (ষষ্ঠ মুদ্রণ), মিজানুর রহমান খানের মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড (পঞ্চম মুদ্রণ) কর্নেল শওকত আলীর সত্যমামলা আগরতলা (তৃতীয় মুদ্রণ), মুহাম্মদ হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের দায়ভারসহ (তৃতীয় মুদ্রণ) আরও কিছু বই।