রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি!
রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মাহমুদুর রহমানকে আহ্বায়ক, অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আল আমিন ও ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ শাহরিয়ার মাহমুদকে যুগ্ম আহ্বায়ক করে ওই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ছাত্রলীগের ৪৮ জন কর্মী ও সমর্থককে সদস্য করা হয়েছে। গতকাল শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক ছিদ্দিকী নাজমুল আলম আগামী তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটি গঠন করেন।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হেদায়েত উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, ‘যেখানে ছাত্ররাজনীতি নেই, সেখানে ছাত্রশিবির একচেটিয়া রাজনীতি করছে। স্বাধীনতাবিরোধীদের ঠেকানোর জন্যই ছাত্রলীগ প্রগতিশীল শিক্ষার্থীদের দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।’ ২০০৭ সালের ২৮ মে রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। তখন শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি করবেন না—এ মর্মে মুচলেকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খানসহ প্রশাসনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।