রাজনীতির আড়ালে সন্ত্রাস সহ্য করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে গণতান্ত্রিক ও সুস্থধারার রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে সন্ত্রাস ও নৈরাজ্য সহ্য করা হবে না। তিনি বলেন, ১২ মার্চ বিএনপির ঢাকা ঘেরাও কর্মসূচিতে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া না হলে ১৮ ডিসেম্বরের মতো সন্ত্রাস ও বোমাবাজি হতো। গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের কর্মসূচি প্রণয়ন ছাড়াও রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।বৈঠকের শুরুতেই সমুদ্রজয়ের বিশাল অর্জনে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কারও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করি না। ১২ মার্চের কর্মসূচিসহ বিরোধী দলের রোডমার্চ, চট্টগ্রামের সমাবেশসহ তাদের রাজনৈতিক কর্মসূচিতে সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। ১৮ ডিসেম্বর তারা ভোরে সন্ত্রাস-বোমাবাজি করেছে। গণমাধ্যমও এ খবর জানত না। ফলে কোনো ছবি নেই। এ ঘটনার পর তাদের মাঠে নামতে দেওয়াই উচিত ছিল না। ১২ মার্চ কেবল মানুষের জানমালের রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তাদের সমাবেশ ও মিছিলে কোনো বাধা দেওয়া হয়নি।’সমুদ্রজয়ের কৃতিত্ব জনগণকে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের নেতা জাতীয় সংসদে সমুদ্রজয়ের বিশাল অর্জনে সরকারকে অভি-নন্দন জানালেও বাইরে তাঁর (খালেদা জিয়া) দলের নেতারা জনগণকে বিভ্রান্ত করতে এ অর্জন নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। রায়ে বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশই বিজয়ী হয়েছে। কেউ হারেনি। আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট না করেই অর্জন করেছি।’ বিরোধী দলের সংসদ বর্জনের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কেবল সংসদ সদস্যপদ এবং বেতন-ভাতা রক্ষার জন্যই বিরোধী দলের নেতা খালেদা জিয়া সংসদে এসে প্রায় দুই ঘণ্টা বক্তব্য দিয়ে চলে গেলেন। তিনি বলেন, ‘সংসদে বিরোধী দলের সাংসদের অশালীন, নোংরা ও অসভ্য ভাষায় কথা বলা দুঃখজনক। বিএনপির পুরুষ ও মহিলা সাংসদদের আমাদের এক সাংসদের দিকে হাত তুলে তেড়ে যাওয়া কোন ধরনের আচরণ? স্পিকার অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি ইচ্ছা করলে সার্জেন্ট অ্যাট আর্মস ডেকে তাঁদের বের করে দিতে পারতেন।’২৮ এপ্রিল গণসংবর্ধনা: নাগরিক কমিটি ২৮ এপ্রিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সমুদ্রজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক গণসংবর্ধনা দেবে। গতকাল সন্ধ্যায় কমিটির সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য দেন। সংবর্ধনা অনুষ্ঠান তথ্যপ্রযুক্তির মাধ্যমে ৬৪ জেলায় একযোগে প্রচার করা হবে।