
যশোরের চৌগাছা উপজেলার সাদিপুর ও স্বরূপদহ গ্রামের কৃষকেরা প্রতি কেজি শিম বিক্রি করেছেন ৭৫ পয়সায়। আড়তদারের কাছে আট মণ শিম বিক্রি করে পাওয়া যায় ৮০ টাকা। আর এই শিম নিতে ভ্যানের ভাড়াই দিতে হয় ৭০ টাকা। এই হচ্ছে কৃষকের দুরবস্থার একটা খণ্ডিত চিত্র।
শীত মৌসুমের যে সবজি এবার হয়েছে, কৃষক তার দামই পাননি। বছরের শেষ ভাগে এসে অবরোধ-হরতাল ও সহিংস রাজনীতির দুর্বিপাকে শিল্প যা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে বেশি কৃষি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। কৃষির যে ক্ষতি, তা পুষিয়ে নেওয়ার সুযোগ নেই।
২০২১ সালে মধ্যম আয়ের দেশে পৌঁছার যে যাত্রা শুরু হয়েছিল, বিদায়ী বছরে সে পথ আরও দূরে সরে গেছে। অথচ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের বেশ কিছু সূচকে পৌঁছে গিয়েছিল সাফল্য। এখন সেখান থেকেও পিছু হটে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্বাধীনতার পর ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে সহিংস রাজনৈতিক আন্দোলন, নৃশংসতা ও ধ্বংসযজ্ঞের মুখোমুখি এখন দেশের অর্থনীতি। অর্থনীতির ওপর এমন সরাসরি আঘাত আগে আর কখনো আসেনি। তামাশার একতরফা নির্বাচন ও তার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি অর্থনীতির জন্য কোনো সুখবর নিয়ে আসছে না।
অর্থনীতির প্রতিটি খাতই বিপদের মধ্যে। দেশি-বিদেশি বিনিয়োগ উদ্যোক্তার গলার ফাঁসে পরিণত হয়েছে। বিনিয়োগহীন অর্থের পাহাড় জমে গেছে ব্যাংকে। প্রবাসী-আয় কমছে, বাড়ছে খেলাপি ঋণ। বড় ধরনের সংকটে পড়েছে পর্যটনশিল্প। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব প্রথমবারের মতো শীতকালীন মেলা স্থগিত করে দিয়েছে। ঢাকার বিভিন্ন স্থানে খুব ভোরে ভিড় করে যেসব দিনমজুর কাজের অপেক্ষায় থাকেন, তাঁদের আয় নেই।
ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প, বিনিয়োগের এই অবস্থায় মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি কমবে। গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে দারিদ্র্য বাড়বে। ফলে মাথাপিছু আয় ও মানব সূচকে উন্নতি করে ইতিমধ্যে মধ্যম আয়ের পথে যে অগ্রগতি হয়েছিল, তা থেকে পিছু হটতে শুরু করবে দেশ।
ব্যবসায়ীরা বলছেন, সংঘাত-সহিংসতা আরও দীর্ঘায়িত হলে বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্যের ক্রেতারা অন্যত্র সরে যাবে। আর সেটা হলে অর্থনীতির প্রতিটি খাতই দীর্ঘ মেয়াদে বড় ক্ষতির মধ্যে ঢুকে পড়বে।
অর্থনীতির অগ্রগতি: বিগত দুই দশক, বিশেষত নব্বই-পরবর্তী সময়ে অর্থনীতিতে অনেক স্বস্তিদায়ক অর্জন রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক মন্দা পরিস্থিতি, পোশাক খাতের কোটা উঠে যাওয়া, ইউরোপে জিএসপির উৎসবিধি বা রুলস অব অরিজিনে পরিবর্তনের কারণে দেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু সব ক্ষেত্রে উদ্যোক্তারা যোগ্যতার সঙ্গে উতরে নেন দেশকে।
দুই দশকে জিডিপির প্রবৃদ্ধি বিশ্লেষণে দেখা যায়, ১৯৯২-৯৩ থেকে ১৯৯৫-৯৬ সময়ে প্রবৃদ্ধির হার ৫ শতাংশের মধ্যে ছিল। মাঝে বন্যা ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে প্রবৃদ্ধি কমে যায়। এর পর থেকে কিছুটা ওঠানামা থাকলেও প্রবৃদ্ধির গতি ৫ থেকে ছাড়িয়ে ৬, পৌনে ৭ শতাংশ পর্যন্ত ওঠে। এবার আবার তার বড় পতন হবে বলে পূর্বাভাস মিলছে।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, বিগত প্রায় দুই দশকের গণতান্ত্রিক ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বড় ঝুঁকির মুখে পড়ছে কি না, সেটাই ২০১৩ সালের শেষে এসে বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় অনেক ত্রুটি-বিচ্যুতি আছে; দুর্নীতি, দলীয়করণ ও স্বেচ্ছাচারিতা অর্থনৈতিক সুশাসনকে ক্ষতিগ্রস্ত করেছে। তা সত্ত্বেও প্রতিটি নির্বাচিত সরকারকে মেয়াদান্তে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের সম্মুখীন হতে হয়েছে। দুর্নীতি ও অপশাসনের একটা অলিখিত সীমারেখা অতিক্রম করার কারণে জনগণ প্রতিবার ক্ষমতাসীন সরকারকে প্রত্যাখ্যান করেছে। জনপ্রতিনিধিরা নিজেদের এলাকায় উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে নিজেরা অন্যায় সুযোগ-সুবিধা নিয়েছেন সত্য; কিন্তু নির্বাচন সামনে রেখে কিছুটা হলেও জনকল্যাণের তাগিদ অনুভব করেছেন।
অধ্যাপক মাহমুদ আরও বলেন, গত দুই দশকে আমাদের অভিজ্ঞতা হলো, অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্ততপক্ষে একটা চলনসই গণতন্ত্র হয়তো হলেই চলে। কিন্তু, সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে জবাবদিহির ন্যূনতম ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। এবার বর্ষ শেষে এটিই জাতির সামনে বড় চ্যালেঞ্জ, অর্থনীতি ও রাজনীতি দুই ক্ষেত্রেই।
প্রবৃদ্ধি: ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে জিডিপি প্রবৃদ্ধির হার ৮ শতাংশ করতে হবে ২০১৪-১৫ অর্থবছরে। এখন পর্যন্ত ৭ শতাংশেও উন্নীত হতে পারেনি প্রবৃদ্ধি। কয়েক বছর ধরে তা ৬ থেকে সাড়ে ৬-এর সীমায় ঘুরপাক খাচ্ছে।
রাজনৈতিক সংঘাত শুরুর আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবার প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। বাংলাদেশ ব্যাংক তাদের আসন্ন মুদ্রানীতিতে প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ থেকে ৬ শতাংশ হতে পারে, এমন তথ্য দিতে যাচ্ছে। তবে এসব পূর্বাভাস আসছে সেপ্টেম্বর-অক্টোবরভিত্তিক তথ্য-উপাত্ত ধরে। এর পরে রাজনৈতিক সংকটে ব্যবসা-বাণিজ্য, কৃষিতে যে ক্ষতি, তা হিসাবে নেওয়া হয়নি। অর্থনীতির বিশ্লেষকেরা মনে করেন, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি যদি না থাকে, তাহলে উন্নয়ন ও কর্মসংস্থান কোনোটাই করা যাবে না। তাতে মাথাপিছু আয় এক হাজার ৪৪ ডলার বৃদ্ধি এবং মানব উন্নয়নের কোনো সূচকে যে অগ্রগতি, তা ধরে রাখা সম্ভব নয়।
বৈদেশিক বাণিজ্য: সর্বশেষ নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে রপ্তানি আয়ে ১৮ শতাংশের উচ্চ প্রবৃদ্ধির সুখকর তথ্য মিলেছে। কিন্তু গোটা ডিসেম্বর মাসই ছিল হরতাল ও অবরোধ। ব্যবসায়ীরা বলছেন, এ মাসেই তাঁদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, যার তথ্য পেতে আরও অন্তত এক মাস অপেক্ষা করতে হবে।
সিংহভাগ রপ্তানি পণ্য পোশাক খাত রানা প্লাজা ও তাজরীনের দুর্ঘটনার পর বিশ্বব্যাপী বড় চাপের মধ্যে পড়েছিল। বাংলাদেশ থেকে কয়েকটি বড় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান সমসাময়িককালে মুখ ঘুরিয়ে নেয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইতিমধ্যে ওয়ালমার্ট, জেসিপেনি, ইন্ডিটেক্স, সিয়ার্সের মতো বড় ক্রেতারা তাদের ক্রয়াদেশ ২০ শতাংশের মতো কমিয়ে দিয়েছে। এগুলোর কাজ চলে যাচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশের গণতান্ত্রিক শাসনের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের নিবিড়তা আছে। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি-সুবিধা পুনর্বহালের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন তাদের বাজারে আমাদের তৈরি পোশাক রপ্তানির শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করে দেখছে। এই মুহূর্তে আমাদের দরকার শক্তিশালী অর্থনৈতিক কূটনীতি। কিন্তু শক্ত গণতান্ত্রিক সরকার ছাড়া তা সম্ভব নয়।
বিনিয়োগ: গ্যাস-বিদ্যুৎ ও অবকাঠামোর অভাবে বিনিয়োগে দীর্ঘদিনের মন্দা রয়েছে। গত বছর বেসরকারি খাতে বিনিয়োগ কম থাকলেও সরকার বিনিয়োগ বাড়িয়ে দেয়। এবার সরকারের বিনিয়োগও কম। বেসরকারি খাতে বিনিয়োগ মন্দায় ব্যাংকগুলোতে সেপ্টেম্বর শেষে উদ্বৃত্ত তারল্য প্রায় সাড়ে ৯৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে। একই সময়ে শিল্পে বিতরণ করা মেয়াদি ঋণ গত বছরের তুলনায় কমেছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন বস্ত্র খাতে এ বছর দুই হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগের তথ্য দিয়ে বলেন, ‘নতুন যাঁরা বিনিয়োগে এলেন, তাঁদের কী হবে? তাঁরা কীভাবে বিনিয়োগের ফল ঘরে তুলবেন। ব্যাংকের টাকাই বা কীভাবে পরিশোধ করবেন? পুরো বিনিয়োগটাই তো ঝুঁকির মধ্যে চলে গেল।’