রাজনীতির নামে মানুষ পোড়ানো বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনীতির নামে মানুষ পোড়ানো বন্ধ করুন, জেগে উঠুক মানবতা’—এই আহ্বান জানিয়ে নাগরিক মঞ্চ ঈশ্বরদীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মৌন মিছিল, সমাবেশ, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিকেল চারটার দিকে পাবনার ঈশ্বরদী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে করেন। এখান থেকে নাগরিক সমাজের সদস্যরা মৌন মিছিল নিয়ে বাজারের প্রধান ফটকের সামনে গিয়ে মানববন্ধন ও পথসভা করেন।
এ সময় পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, পূর্বটেংরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বিশ্বাস, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বণিক সমিতির সহসভাপতি শফিকুল ইসলাম, আখচাষি আনছার আলী, উপজেলা ধান-চাল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাদেক আলী বিশ্বাস, নাগরিক মঞ্চের আহ্বায়ক স্বপন কুমার কুণ্ডু প্রমুখ।
বক্তারা আগুনে মানুষ পুড়িয়ে মারার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক দলের হরতাল-অবরোধ পালনের অধিকার আছে। কিন্তু বর্তমানে রাজনৈতিক কর্মসূচির নামে পেট্রলবোমা ছুড়ে এবং আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। রাস্তায় মানুষের চলাচল হুমকির মধ্যে রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা। তাদের জীবনও হুমকির মধ্যে। এই সহিংসতা বন্ধের জন্য দেশের সব রাজনৈতিক দলের প্রতি তাঁরা আহ্বান জানান।