ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা
রাজনীতির নামে মানুষ হত্যা থেকে বিরত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাজনীতির নামে মানুষ হত্যা ও ধবংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের প্রতি। কোনো রাজনৈতিক দলের রাজনীতিই এ ধরনের জঘন্য কর্মকাণ্ড দ্বারা পরিচালিত হতে পারে না উল্লেখ করে শেখ হাসিনা প্রশ্ন রাখেন, হরতালে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরীহ সদস্যদের দায়িত্ব কে নেবে? গত মাসে বিরোধী দলের ডাকা হরতালে নিহত দুই বাসচালকের পরিবারের সদস্যদের মধ্যে গতকাল রোববার চেক ও সঞ্চয়পত্র বিতরণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।শেখ হাসিনা নিহত বাসচালক আবদুর রশিদের বাবা মোস্তফা মিয়ার হাতে তিন লাখ টাকার চেক তুলে দেন। এ ছাড়া আবদুর রশিদের স্ত্রী শামসুন্নাহারকে এবং নিহত আরেক বাসচালক বদর আলীর স্ত্রী হাওয়া বেগমের প্রত্যেকের হাতে তিন লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।গত ২১ এপ্রিল খিলগাঁও এলাকায় দুর্বৃত্তরা ঈগল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিলে চালক বদর আলী প্রাণ হারান। তিনি ওই সময় বাসে ঘুমাচ্ছিলেন। এ ছাড়া ২২ এপ্রিল হরতাল চলাকালে সাভারে নিহত হন চালক আবদুর রশিদ।এ সময় সাংসদ টিপু মুন্সি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।প্রিন্স তালালের ঢাকা সফর নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল-আলীর নিহত হওয়ার ঘটনায় আবারও গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, তাঁর সরকার হত্যাকারীদের খুঁজে বের করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।গতকাল রোববার সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এন এ আল-বুশাইরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাজধানীতে গত ৬ মার্চ খালাফ দুর্বৃত্তদের হাতে খুন হন।রাষ্ট্রদূত ঢাকায় সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের আসন্ন সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে বেশ কয়েকটি বিনিয়োগ ও ব্যবসা প্রকল্প নিয়ে আলোচনা করতে ওয়ালিদ বিন তালালের আগামী ১০ জুন ঢাকায় আসার কথা রয়েছে।শেখ হাসিনা বলেন, রাজধানীতে সৌদি কর্মকর্তাকে হত্যার ঘটনা দুর্ভাগ্যজনক এবং সরকার হত্যাকারীদের খুঁজে বের করতে সব সংস্থাকে নিয়োজিত করেছে।সিঙ্গাপুরের সঙ্গে যৌথ মানবসম্পদ প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব: সিঙ্গাপুরের নবনিযুক্ত হাইকমিশনার বেন হেং উইং গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে মানবসম্পদ প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব দেন। নতুন হাইকমিশনার সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। তিনি ঢাকা ও সিঙ্গাপুরের মধ্যে কম খরচে বেসরকারি উড়োজাহাজ সার্ভিস চালুর একটি উদ্যোগের বিষয়েও প্রধানমন্ত্রীকে জানান।