রাজনীতির নৃশংস কৌশল মানুষকে জিম্মি করেছে: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিষ্ঠুর রাজনীতির নৃশংস কৌশল আজ মানুষকে জিম্মি করেছে। চলন্ত গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে মারা হচ্ছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আজ শনিবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে গত কয়েক মাসে বিরোধীদলীয় হরতাল-অবরোধে সরকারি সম্পত্তি ও রাজস্ব ক্ষতির পরিমাণ তুলে ধরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, অবরোধের নামে লাখ লাখ পরীক্ষার্থীর ক্ষতি করা হচ্ছে। খেটে খাওয়া মানুষের রুটি-রোজগার কেড়ে নেওয়া হচ্ছে। তিনি এ সহিংস রাজনীতি থেকে বিরোধী দলকে বেরিয়ে আসার আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পর্দার অন্তরালে আলোচনা ও সমঝোতার চেষ্টা চলছে। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি মানা হলে লেভেল প্লেয়িং ফিল্ডের পরিবেশ বিঘ্নিত হবে না এবং সবাই সমান সুযোগ পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে মন্ত্রী জানান, গত কয়েক মাসের আন্দোলনে বিআরটিসির ছয়টি এসি বাস, তিনটি আর্টিকুলেটেড বাস, সিএনজিচালিত ৭৪টি একতলা বাসসহ মোট ১৫৩টি গাড়ি ভাঙচুর হয়েছে, যার ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। এ ছাড়া ১১টি ডাবল ডেকার বাস, একটি আর্টিকুলেটেড বাস, সিএনজিচালিত নয়টি একতলা (দাইয়ুসহ) বাসসহ ৩২টি গাড়ি আগুনে পোড়ানো হয়েছে, যার ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে সাত কোটি টাকা। হরতাল ও অবরোধের কারণে রাজস্ব ক্ষতি প্রায় সাড়ে ২৯ কোটি টাকা বলে যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ছাড়া সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধীন বেশ কিছু বেইলি সেতু, বিভিন্ন স্পটে বিটুমিনাস পেভমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুলসংখ্যক গাছ ও বেশ কিছু রাস্তা কাটা হয়েছে।

সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সওজের প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর, বিআরটিসির চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।