রাজনীতির ফরমালিন দূর করতে হবে: ড. কামাল

বাংলাদেশের রাজনীতি থেকে ফরমালিন দূর করার আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
আজ শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে এক আলোচনা সভায় এ আহ্বান জানান কামাল হোসেন। নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় কামাল বলেন, ‘বাংলাদেশের রাজনীতি থেকে ফরমালিন দূর করতে হবে। খাবারে ফরমালিন দিয়ে পচা ও নষ্ট জিনিসকে যেভাবে উপস্থাপন করা হয়, আমাদের রাজনীতিতেও সেভাবে ফরমালিন দেওয়া হচ্ছে।’
আলোচনা সভায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ বক্তব্য দেন।
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে নাগরিক ঐক্যের প্রার্থী এস এম আকরামকে জয়ী করতে সেখানকার ভোটারদের প্রতি আহ্বান জানান বক্তারা। আকরাম নাগরিক ঐক্যের উপদেষ্টা ও আওয়ামী লীগের সাবেক সাংসদ।
সিপিবির সভাপতি বলেন, সারা দেশে যে লুটপাট ও সন্ত্রাস চলছে, তার প্রতীক নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের এই অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তিকে এগিয়ে নিতে আকরামকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।