রাজনীতির মোড় ঘুরে যাবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মার্চের মহাসমাবেশ বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষার দাবি আরও জোরদার হবে।গতকাল শুক্রবার এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই দাবি করেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে যুবদল।মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি আন্দোলন করছে। এ জন্য ১২ মার্চ মহাসমাবেশ দেওয়া হয়েছে। এটা রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে। তিনি বলেন, সরকার জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এরা কেবল বিদেশি একটি দেশের স্বার্থ রক্ষা করে চলছে। এদের আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। নির্বাচনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। বিএনপির আগামী দিনের কান্ডারি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, গত তিন বছরে এই সরকার এক লাখ ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে বলা হয়ে থাকে, তিনি নাকি বিদ্যুৎ খাত থেকে ২০ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। এটা মহা মিথ্যা কথা। বিএনপির পাঁচ বছরে বিদ্যুৎ খাতে মোট অর্থ ব্যয় হয়েছে ১৩ হাজার কোটি টাকা। এর মধ্যে নয় হাজার কোটি টাকা কেবল বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয় হয়েছে। যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ ও যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য দেন। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার মহাসমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। তিনি বলেন, বাধা দিলে মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে, বানচাল করা যাবে না।