রাজনীতির রোষে পুড়ল শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংসদ নির্বাচনের দুই দিন আগে গত বৃহস্পতিবার রাতে ফেনীতে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের কথা ছিল এমন পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে কুমিল্লায় আওয়ামী লীগের দুটি নির্বাচনী কার্যালয়ে আগুন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে এক প্রার্থীর বাড়ির পাশে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে।
এ ছাড়া গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। ওই বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করার কথা ছিল। রাত নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আলম সফী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বুথ স্থাপনের সরঞ্জাম পুড়ে যায়। এ ছাড়া নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত আটটায় দুটি ককটেল ফাটানো হয়। কে বা কারা এ ককটেল হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফেনীতে পাঁচটি ভোটকেন্দ্রে আগুন: পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত একটা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর সুলতানা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়, পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া আদর্শ একাডেমি (কিন্ডারগার্টেন), একই ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর ইউনিয়নের উত্তর সেকান্দরপুর বসিরিয়া দাখিল মাদ্রাসা এবং মাতুভূঞা ইউনিয়নের করিম উল্যা উচ্চবিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের কথা ছিল। আগুনে ওমরপুর সুলতানা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় এবং গজারিয়া আদর্শ একাডেমির বইপত্র ও আসবাবসহ পুরোটাই পুড়ে গেছে। বাকি তিনটি প্রতিষ্ঠান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুনের ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ফেনীর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, আগুনে বেশি ক্ষতিগ্রস্ত দুটি শিক্ষা-প্রতিষ্ঠানের পাশের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নতুন করে ভোটকেন্দ্র স্থাপনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বাকি তিনটি প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে।
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী কেন্দ্রে পেট্রলবোমা: গতকাল বেলা দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ওই সময় বিদ্যালয় বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি। বিদ্যালয়ের কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে দুটি কক্ষে পেট্রলবোমা ছোড়া হয়। বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহূত হওয়ার কথা ছিল।
কুমিল্লায় নির্বাচনী কার্যালয়ে আগুন: পুলিশ ও দলীয় সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর বাজারে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিনের নির্বাচনী প্রচারণা কার্যালয়ে বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ওই কার্যালয়ের আসবাবসহ পাশের পাঁচটি দোকান পুড়ে যায়। একই রাতে পশ্চিম সুবর্ণপুরে আরেকটি নির্বাচনী কার্যালয়েও আগুন দেয় দুর্বৃত্তরা।
কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ইসলাম জানান, দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছে।
লক্ষ্মীপুরে প্রার্থীর বাড়ির পাশে ককটেল-গুলি: লক্ষ্মীপুর-২ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলামের বাড়ির পাশে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কয়েকটি গুলি করে।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁর বাড়িতে এ হামলা চালিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়ালের লোকজন। তাঁরা নির্বাচনের দিন এলাকায় ও ভোটকেন্দ্রে হামলার প্রস্তুতি নিচ্ছেন।
তবে এম এ আউয়াল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর বাড়ির পাশে ককটেল বিস্ফোরণ বা গুলির ঘটনার সঙ্গে আমার কোনো লোকজন জড়িত নয়।’