রাজনীতির স্বার্থে হলেও গ্রামীণ ব্যাংক নিয়ে ভাবুন: ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ গ্রাহক এ দেশের নাগরিক। তাঁদের সবাই সাবালক ও এ দেশের ভোটার। তাই দেশের সব রাজনীতিবিদকে বলতে চাই, নিজেদের রাজনীতির স্বার্থে হলেও অন্তত বিষয়টি ভাবুন, বোঝার চেষ্টা করুন।’ আজ সোমবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায় তিনি এসব কথা বলেন। সম্প্রতি বেসামরিক ব্যক্তি হিসেবে ড. ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ খেতাব ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ পাওয়ায় তাঁর সম্মানে অ্যামচেম ওই ভোজসভার আয়োজন করে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠানটি আয়োজিত হয়। ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের মালিক এ দেশের গরিব নারীরা। তাঁদের টাকায় এই ব্যাংক চলে। আর সরকার সেই ব্যাংকের কর্তৃত্ব নিতে চায়, সেটি ভেঙে ১৯ টুকরো করতে চায়। তিনি বলেন, ‘সরকারের এটা কী ধরনের মানসিকতা, এর পেছনে কী কারণ, সেটি বুঝতে আমি পুরোপুরি অপারগ।’ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলেন, ‘গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার যা করছে, তা অত্যন্ত জঘন্য কাজ। এটি প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার প্রক্রিয়া। অথচ এটি দেশের গর্ব করার মতো স্বনির্ভর প্রতিষ্ঠান। তাই গ্রামীণ ব্যাংক ধ্বংসের প্রক্রিয়া রুখে দাঁড়ানোর জন্য আমি সবার প্রতি আহ্বান জানাই। এ দেশের নারীরা এখন অনেক বেশি স্বাবলম্বী। আমার বিশ্বাস, তাঁরা নিশ্চয়ই জেগে উঠবে।’ যে যেখানে আছেন, সবাইকে গ্রামীণ ব্যাংকের মতো একটি গর্বের প্রতিষ্ঠান রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস তাঁর বক্তব্যে গ্রামীণ ব্যাংকের বিষয়টি অবতারণা করার পাশাপাশি সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের নানা সমস্যা সমাধানের কথা বলেন। তিনি বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। সামাজিক সুরক্ষার মাধ্যমে সাময়িকভাবে হয়তো খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা যাবে—বিশ্বের বিভিন্ন দেশ সেই কাজ করছে—কিন্তু এর মাধ্যমে খাদ্যনিরাপত্তা সমস্যার সমাধান হবে না। বরং সাময়িক এসব সমাধান থেকে কীভাবে জনগণকে বের করে আনা যায়, সেই পথ খুঁজে বের করা দরকার। তিনি বলেন, শুধু টাকা বানানোর মানসিকতার পরিবর্তে সমস্যা সমাধানের মানসিকতা নিয়ে ব্যবসায়ীদের সামাজিক ব্যবসায় সম্পৃক্ত হতে হবে।

অ্যামচেমের সভাপতি আফতাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জন ড্যানিলোউইজ। এ সময় উপস্থিত ছিলেন অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর ও সহসভাপতি জোফরে স্ট্রং। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারের সাবেক মন্ত্রী, উপদেষ্টাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মূল বক্তব্য শেষে ড. ইউনূস উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।