রাজনের ওপর হামলার ঘটনায় ছয়েফসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক গোলাম রহমান চৌধুরী ওরফে রাজনকে কোপানোর ঘটনায় আরেক অস্ত্রধারী ছয়েফ আহমদসহ ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। গত রোববার সন্ধ্যায় মহানগর পুলিশের শাহপরান থানায় রাজনের ছোট ভাই গোলাম হাসান চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন।
শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি জানান, শনিবার এজাহার দাখিল করা হলে প্রাথমিক তদন্ত শেষে রোববার সন্ধ্যায় মামলা নথিভুক্ত করা হয়। তবে গতকাল পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্র জানায়, মামলার প্রধান আসামি ছয়েফ জেলা ছাত্রলীগের সহসভাপতি। গত বছরের ৭ মার্চ এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে ছয়েফ হেলমেট পরে তাঁর সঙ্গীদের নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেন। এই মহড়ার ছবি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। রাজনের ওপর হামলার মামলায় ছয়েফের সঙ্গে জুনেদ, মঞ্জুর আহমদ, হাসান, কামরান আহমদ সজল, উজ্জ্বল, সাগর, রুমান আহমদ, অসীম ও জামিল আহমদকেও আসামি করা হয়েছে।
২০১৩ সালের ১৯ মে এমসি কলেজে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছিলেন রাজন। এ ঘটনার প্রায় চার মাসের মাথায় সিলেটে সিপিবি-বাসদের বিভাগীয় সমাবেশে হামলার অভিযোগে জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্র। এরপর রাজন ছাত্রলীগের রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে সামাজিক সংগঠনে সক্রিয় হন। গত ৩০ জানুয়ারি রাতে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়।