সিলেটের শিশু শেখ মো. সামিউল আলম রাজনকে (১৪) নির্যাতন ও হত্যার ঘটনা সারা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা সুজাত খান।
গতকাল দুপুরে সিলেট চেম্বারের উদ্যোগে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তাদের ২ লাখ ৫ হাজার ৫০০ টাকার অর্থসহায়তা সিলেট চেম্বার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজনের পরিবারকে দেওয়া হয়।
সিলেট চেম্বার ভবনের সম্মেলনকক্ষে অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসানসহ চেম্বার নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা সাইদুল ইসলাম, সিলেট চেম্বারের পরিচালক আবদুর রহমান ও সদস্য মো. আজিজুর রহমান বক্তব্য দেন। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তাদের পক্ষ থেকে রাজনের বাবা শেখ মো. আজিজুর রহমানের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন মহানগর পুলিশ কমিশনার। রাজনের বাবা অর্থসহায়তা নিয়ে নিউইয়র্ক পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিচারপ্রক্রিয়ার দিকেও দৃষ্টি রাখার আহ্বান জানান।
সিলেট চেম্বার সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তৃতায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাত খান বলেন, ‘শিশু রাজন হত্যার মর্মান্তিক ভিডিও সারা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। এ ঘটনার বর্বরতা নিউইয়র্কে বসবাসরত সব বাঙালির হৃদয়কে চরমভাবে ব্যথিত করেছে। এ হত্যা শুধু একটি নিষ্পাপ শিশুকে হত্যা করা নয়, এর মাধ্যমে মানবিকতাকে হত্যা করা হয়েছে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের একটাই চাওয়া—এ ঘটনার যেন বিচার হয়।’
সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে গত ৮ জুলাই সিলেটের জালালাবাদ থানার বাদেয়ালি গ্রামের মাইক্রোবাসচালক শেখ মো. আজিজুর রহমানের ছেলে সবজি বিক্রেতা সামিউল আলম রাজনকে চুরির মিথ্যা অপবাদে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলে প্রায় এক মাসের মাথায় সিলেটের মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করে আদালতে ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছে।