রাজনের মা-চাচাও বিচার চাইলেন তিন পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাফিলতির অভিযোগ এনে সাময়িক বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্যের বিচার দাবি করেছেন শিশু রাজনের মা ও চাচা। গতকাল রোববার সিলেট মহানগর দায়রা জজ আদালতে রাজন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে তাঁরা এ দাবি করেন।
এর আগে সাক্ষ্য গ্রহণের প্রথম দিন রাজনের বাবা শেখ আজিজুর রহমানও তিন পুলিশ সদস্যের বিচার দাবি করেছিলেন। গত মঙ্গলবার এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালত সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টা থেকে প্রায় সাড়ে চার ঘণ্টা সাক্ষ্য গ্রহণ করা হয়। রাজনের মা লুবনা আক্তার ও চাচা আল-আমিন ছাড়াও চারজন সাক্ষ্য দেন। রাজনের মা বলেন, তাঁর স্বামী থানায় মামলা করতে গেলে পুলিশ বাধা দেয়। তাঁর স্বামীর অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। ঘটনা তদন্তেও পুলিশ গাফিলতি করেছে।
সাক্ষ্য দিয়ে আদালত থেকে বের হয়ে রাজনের চাচা আল-আমিন সাংবাদিকদের বলেন, ‘আসামিপক্ষের আইনজীবীরা আমাকে জেরা করার সময় বলেছেন, রাজন চুরির দায়ে গণপিটুনিতে মারা গেছে। রাজনকে নির্যাতন করার ২৮ মিনিট ৫২ সেকেন্ডের আলোচিত সেই ভিডিও চিত্র ভুয়া। আমি এই বক্তব্যের প্রতিবাদ করে বলেছি, ভুয়া হলে দেশে-বিদেশে এটি আলোড়িত হয় কীভাবে?’
গত ৮ জুলাই চুরির মিথ্যা অপবাদে নির্যাতন করে হত্যা করা হয় শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৪)। সে সিলেটের জালালাবাদ থানার বাদেয়ালি গ্রামে সবজি বিক্রি করত।
এ ঘটনায় জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। ১৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে আসামি করে মহানগর মুখ্য হাকিম আদালতে অভিযোগপত্র দেন।
অভিযুক্ত আসামিরা হলেন কামরুল ইসলাম, তাঁর ভাই মুহিত আলম, আলী হায়দার ও শামীম আলম; চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না; আয়াজ আলী, রুহুল আমীন, দুলাল আহমদ, তাজউদ্দিন আহমদ ওরফে বাদল, ঘটনার প্রত্যক্ষদর্শী ফিরোজ মিয়া, আজমত উল্লাহ, জাকির হোসেন ওরফে পাভেল ওরফে রাজু ও ভিডিও চিত্র ধারণকারী নূর আহমদ।
আসামিদের পালিয়ে যেতে সহায়তা করাসহ কর্তব্য পালনে গাফিলতির অভিযোগে এসআই আমিনুলকে ১৩ জুলাই জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করা হয়। ২৫ জুলাই বরখাস্ত করা হয় এসআই আমিনুল, জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন ও এসআই জাকির হোসেনকে।
মামলায় মোট সাক্ষী ৩৮ জন। এর মধ্যে প্রথম দিন বাদী এসআই আমিনুল ও রাজনের বাবা সাক্ষ্য দেন। গতকাল সাক্ষ্য দেওয়া চারজনের মধ্যে মাসুক আহমদ নামের এক সাক্ষী কিছু দেখেননি বলে দাবি করেন। পরে তাঁকে ‘বৈরী’ ঘোষণা করা হয়। আদালতে অভিযুক্ত ১৩ আসামির মধ্যে কারাবন্দী ১০ জনকে গতকাল আদালতে হাজির করা হয়।
মামলা পরিচালনা করেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফুর আলী। তাঁকে সহযোগিতা করেন রাজনের পরিবার নিযুক্ত আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এবং আইনজীবী মসরুর চৌধুরী।
গতকাল সাক্ষ্য গ্রহণ শেষে সরকারি কৌঁসুলি মফুর আলী সাংবাদিকদের বলেন, আগামী বুধ ও বৃহস্পতিবার দুই দিন সাক্ষ্য গ্রহণ শেষে ৮, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবর বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে।