রাজনৈতিক অগ্রগতিতে বাধা দলীয় কর্মকাণ্ড
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি রাজনীতি। এ ক্ষেত্রে বড় বাধা প্রধান দুটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড। প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী দলীয় কিছু কর্মকাণ্ড এখানে তুলে দেওয়া হলো।
দলের ভেতরে গণতন্ত্রচর্চার অভাব: আওয়ামী লীগ ও বিএনপির জেলা কমিটিগুলো তুলনামূলক বেশি গণতান্ত্রিক। দলের ভেতরে গণতন্ত্রচর্চার ক্ষেত্রে দুটি দলের অবস্থাই প্রায় সমান। তবে আওয়ামী লীগ প্রতিনিধিত্বমূলক, অংশগ্রহণ ও স্বচ্ছতার দিক থেকে বিএনপির চেয়ে কিছুটা এগিয়ে আছে। দায়িত্বশীলতা ও প্রতিযোগিতার ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের চেয়ে এগিয়ে আছে।
জেলা কমিটির নেতৃত্ব নির্বাচন: সংসদ সদস্য নির্বাচনের জন্য দুটি দলই প্রায় ১২ শতাংশ প্রার্থী মনোনয়ন দেয় দলের অভ্যন্তরে ভোটের মাধ্যমে। বাকি ৮৮ শতাংশ প্রার্থী মনোনয়ন পান দলের শীর্ষস্থানীয় নেতাদের পছন্দে।
কমিটিতে ব্যবসায়ী-ঠিকাদারদের আধিপত্য: আওয়ামী লীগের জেলা কমিটির ৪৫ শতাংশ পদে ব্যবসায়ী ও ঠিকাদারেরা। দ্বিতীয় অবস্থানে আছেন আইনজীবীরা। যাঁরা সব সময় দলের রাজনীতিতে যুক্ত থাকেন, তাঁদের মাত্র ১৫ শতাংশ কমিটিতে স্থান পান। বিএনপির জেলা কমিটিতেও ৪৫ শতাংশ নেতা ব্যবসায়ী-ঠিকাদার। সার্বক্ষণিক রাজনীতির সঙ্গে যুক্ত, এমন নেতারা কমিটির মাত্র ২৩ শতাংশ।
এই গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ৮৬ শতাংশই মনে করেন, ব্যবসায়ীরা নিজেদের উন্নতির জন্য রাজনীতিতে আসছেন। গবেষণায় বলা হয়েছে, দলের রাজনীতি, কমিটি ও নীতিনির্ধারণীতে নারীদের অংশগ্রহণ খুবই কম।
সাংসদদের পেশা: বর্তমান সংসদের ১৯৩ জন সদস্যই ব্যবসায়ী। নবম সংসদে এ সংখ্যা ছিল ১৮৫। দশম সংসদে আইনজীবী ৪৫ জন, আর সাবেক সামরিক কর্মকর্তা আছেন সাতজন।
ফৌজদারি অপরাধ: দশম সংসদের ১২৮ জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আছে। আর দুর্নীতি দমন কমিশন অভিযোগ এনেছে ৩২ জনের বিরুদ্ধে।
অর্থ লেনদেনে স্বচ্ছতা কম: আওয়ামী লীগ মোট লেনদেন করা অর্থের মাত্র ২২ শতাংশ ব্যয় করে ব্যাংকের মাধ্যমে। বাকি ৭৮ শতাংশ ব্যয়ই হয় অনানুষ্ঠানিক মাধ্যমে। বিএনপি ১৪ শতাংশ অর্থ ব্যাংকের মাধ্যমে, বাকি ৮৬ শতাংশ অর্থ অনানুষ্ঠানিক মাধ্যমে ব্যয় করে।
২০১৩ সালে রাজনৈতিক সহিংসতা তিন গুণ: গবেষণায় বলা হয়েছে, ২০১৩ সালে প্রায় ১ হাজার ২০০ রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর আগের চার বছরের তুলনায় এই সহিংসতা প্রায় তিন গুণ বেশি। ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৭৭ শতাংশ ক্ষেত্রে দায়ী বিএনপি ও জামায়াতে ইসলামী। এ সময়ে আওয়ামী লীগের কারণে সহিংসতা হয়েছে প্রায় ২১ শতাংশ।
দলে নিজেদের মধ্যেই সংঘর্ষ বেশি: গবেষণায় দেখা গেছে, রাজনৈতিক সহিংসতার বড় অংশই ঘটে থাকে নিজেদের মধ্যে দলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে। আর এটা বেশি হয়ে থাকে ক্ষমতাসীন দলের মধ্যেই। যেমন ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত আওয়ামী লীগে রাজনৈতিক সহিংসতার ৭৩ শতাংশই ঘটে নিজেদের মধ্যে। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন একইভাবে তারাই এগিয়ে ছিল নিজেদের মধ্যে সহিংসতার ক্ষেত্রে। তবে ২০১৩ সালে এই পরিস্থিতি ছিল ভিন্ন। ওই বছর রাজনৈতিক সহিংসতার প্রায় ৯৩ শতাংশই ঘটে এক দলের সঙ্গে অন্য দলের। আর নিজেদের মধ্যে হয় মাত্র ৭ শতাংশ।
ছাত্রসংগঠনগুলোর সহিংসতা: আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ ২৮ ভাগ, বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল ৫ ভাগ এবং জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির ৪ ভাগ ক্ষেত্রে সহিংসতায় জড়িত ছিল। অর্থাৎ মোট সহিংসতার ৩৭ ভাগের সঙ্গে এই তিন দলের ছাত্রসংগঠনগুলো জড়িত ছিল।
আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়েছে: ২০০৮ থেকে ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে সংঘটিত সহিংসতায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেশি ছিল। ২০১৩ সালে ১৭ ভাগ সহিংসতায় এ ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগের পাঁচ বছরে মাত্র ১৪ ভাগ সহিংসতায় আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে।
ঢাকায় সহিংসতা বেশি: ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ঢাকায় সহিংসতার ঘটনা ঘটে প্রায় ৩৫০টি। এ ছাড়া নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, গাজীপুর, খুলনা, বগুড়া, কুমিল্লায় অন্যান্য জেলার তুলনায় বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। ২০১৩ সালে ঢাকায় সহিংসতা হয়েছে প্রায় ১৫০টি। ওই বছর বাকি জেলাগুলোতে সহিংসতা অনেক বেড়ে যায়।