রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে দরকার ‘রাজনৈতিক আমলাতন্ত্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়ন এবং সরকারের কাজে আরও গতিশীলতা বাড়াতে প্রশাসনিক পুনর্গঠনের প্রয়োজন। তিনি বলেন, যেকোনো গণতান্ত্রিক সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে দরকার ‘রাজনৈতিক আমলাতন্ত্র’। কেননা সরকারের প্রতি আস্থাবান আমলা ছাড়া উন্নয়নমূলক বা সেবামূলক কোনো কর্মকাণ্ডই ঠিকমতো বাস্তবায়িত হয় না। অর্থমন্ত্রী গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ম্যানেজিং অ্যাট দ্য টপ (ম্যাট) প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ অভিমত ব্যক্ত করেন। খবর বাসসের। অর্থমন্ত্রী দক্ষ প্রশাসন গড়ে তুলতে সিভিল সার্ভিসে (বিসিএস) নিয়মিত প্রশিক্ষণ ও নিয়োগের ওপরও গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। সংস্থাপনসচিব ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ, ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার নিক লো ও ম্যাট প্রকল্পের জাতীয় সমন্বয়ক আবু বকর সিদ্দিক বক্তব্য দেন।যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার (ডিএফআইডি) সহায়তায় সংস্থাপন মন্ত্রণালয় ম্যাট প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। এই প্রকল্পের আওতায় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে থাকেন।‘রাজনৈতিক আমলাতন্ত্রে’র প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মুহিত বলেন, ‘সরকারের কাজে গতিশীলতা আনার জন্য মন্ত্রীদের উপদেষ্টা বা সচিব নিয়োগ দিতে হবে রাজনৈতিক বিবেচনায়। তাঁরা বিষয়ভিত্তিক “স্পেশালিস্ট” হবেন। “কেবিনেট” কেবলমাত্র তাদের নিয়োগ দেবে এবং সরকারের মেয়াদ শেষে তাঁদেরও চাকরি শেষ হবে।’ অর্থমন্ত্রী কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, জেলা পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড নিষ্পত্তি করার ক্ষমতা দিতে হবে। যেন একজন স্কুলশিক্ষককে কাজ নিয়ে ঢাকায় আসতে না হয়।