পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণের ওপর ২০০২ সালে আরোপিত নিষেধাজ্ঞা রাজনৈতিক অঙ্গীকারের অভাবে কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট গবেষক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
পলিথিন নিষিদ্ধের আইন বাস্তবায়ন, পলিথিন ব্যবহার বন্ধ ও পাটের ব্যাগ ব্যবহারের দাবিতে সকালে এ মানববন্ধন হয়। এতে সভাপতির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ বলেন, বর্তমানে যেখানে-সেখানে পরিবেশ ও জনস্বার্থবিরোধী এ পলিথিন পাওয়া যাচ্ছে। পলিথিন ব্যবহারের কারণে কদর কমে যাচ্ছে পরিবেশবান্ধব পাটের ব্যাগের, কমছে পাটচাষ।বন্ধ হয়ে যাচ্ছে পাট এবং পাটজাতপণ্যের কারখানা। তিনি পলিথিনবিরোধী আইন কার্যকর করার দাবি জানান।
বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বলেন, ব্যবহারের পর পলিথিন যেখানে-সেখানে ফেলে দেওয়ায় এগুলো রাস্তা থেকে ড্রেনে গিয়ে পড়ে। এটি পানিনিষ্কাশনে বাধার সৃষ্টি করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
মানববন্ধনে অবিলম্বে সব ধরনের পলিথিন শপিং ব্যাগের অবৈধ কারখানা বন্ধ, বাজারে প্রচলিত সব পলিথিন ব্যাগ অবিলম্বে নিষিদ্ধ করা, কোনো যুক্তিতেই আর কোনো পলিথিন শপিং ব্যাগের উৎপাদনের জন্য অনুমতি না দেওয়া, পলিথিনবিরোধী আইনের সফল প্রয়োগের জন্য সরকারি ও বেসরকারি সমন্বয়ে সেল গঠন এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে ব্যবসায়ী ও জনগণকে সচেতন করতে আগামী তিন মাসব্যাপী ঢাকা মহানগরের বিভিন্ন বাজারে পলিথিনবিরোধী এ প্রচারাভিযান পরিচালনা করার ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাপার পলিথিন ও প্লাস্টিক দ্রব্য প্রতিরোধ কর্মসূচির সদস্যসচিব আলমগীর কবির, বাপার সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, বাপার যুগ্ম সম্পাদক জাকির হোসেন, গ্রীন ভয়েসের সহসমন্বয়ক হুমায়ুন কবির, সিডাসের পরিচালক হাসান ইউসুফ খান প্রমুখ। বিজ্ঞপ্তি।