পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে ভাষা টিকিয়ে রাখা সম্ভব নয়। ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব রক্ষায় আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জন করতে হবে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাকমা ভাষাতত্ত্ব ও চাকমা ভাষারীতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সন্তু লারমা এসব কথা বলেন। বই দুটির লেখক প্রিয়দর্শী খীসা।
অনুষ্ঠানে সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে চাকমা ভাষা ছাড়া আরও অনেক ভাষা রয়েছে। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়ায় এসব ভাষার অস্তিত্বও সংকটের মুখে। তিনি বলেন, ‘বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে আমারও ভাষা নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে নানা ঘাত-প্রতিঘাতে তা হয়ে ওঠেনি।’
বিশেষ অতিথি সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা বলেন, ভাষাকে সুপ্রতিষ্ঠিত করাও অধিকার আদায়ের সংগ্রামের অংশ। ভাষাকে সমৃদ্ধ করা গেলে জাতির অস্তিত্ব সুদৃঢ় হবে।
রাঙামাটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বলেন, ভাষা প্রবাহমান। সচেতনতা এবং ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জনের মাধ্যমে চাকমা ভাষাকে সমৃদ্ধ করতে হবে।
বইটি নিয়ে আলোচনা করেন ফেনীর সোনাগাজী সরকারি কলেজের সহকারী অধ্যাপক বিপম চাকমা, সাহিত্যিক শিশির চাকমা ও কবি জগৎজ্যোতি চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপসচিব কৃষ্ণচন্দ্র চাকমা ও রাঙামাটি সচেতন নাগরিক কমিটির সভাপতি চাঁদ রায়। লেখকের বক্তব্য পড়ে শোনান এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা।