রাজনৈতিক অনৈক্য ও বিভাজন দেশের জনপ্রশাসনকে দুর্বল ও দুর্নীতিগ্রস্ত করেছে। লুণ্ঠন-প্রক্রিয়া অর্থনীতির নিয়ামক শক্তিতে পরিণত হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ইতিহাস পরিষদের ৪৩তম বার্ষিক সেমিনারে আলোচকেরা এ কথা বলেন। সেমিনারে জনপ্রশাসন বিষয়ে প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মোহাম্মদ মোহব্বত খান বলেন, কোনো সরকারই আমলাদের নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিকীকরণের ফলে প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এ জন্য আমলারা দায়ী। রাজনৈতিক সরকার যখনই প্রশাসনে সংস্কারের উদ্যোগ নিয়েছে, বাধা দিয়েছেন আমলারা। তিনি বলেন, প্রশাসনকে গতিশীল ও দুর্নীতিমুক্ত করতে হলে সংস্কার জরুরি। এ অধিবেশনের প্রবন্ধকার সাবেক মন্ত্রী ও আমলা মীজানূর রহমান শেলী বলেন, সামরিক শাসন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। আর রাজনৈতিক অনৈক্য প্রশাসনকে ক্রমশ দুর্বল, বিভক্ত ও দুর্নীতিগ্রস্ত করেছে। দ্বিতীয় অধিবেশনে ‘পররাষ্ট্রনীতি ১৯৯১-২০১১’ শীর্ষক প্রবন্ধে সাবেক কুটনীতিক আশফাকুর রহমান বলেন, বাংলাদেশের কোনো পররাষ্ট্রনীতি নেই। আছে পররাষ্ট্র সম্পর্ক। তিনি বলেন, রাজনৈতিকভাবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান শক্তিশালী। ভারত এবং চীনের বিশাল বাণিজ্যিক বাজারকে কাজে লাগানোর সুযোগ আছে। সে জন্য দুই দেশের সঙ্গেই সম্পর্কের উন্নয়ন দরকার। একই অধিবেশনে পৃথক প্রবন্ধে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন হচ্ছে না। বিএসএফ সীমান্তে যা করেছে, তা দেশের জন্য অপমানজনক। অর্থনীতিবিষয়ক অধিবেশনে জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত বলেন, আত্মঘাতী লুণ্ঠন-প্রক্রিয়া এখন বাংলাদেশের অর্থনীতির নিয়ামক শক্তি। দুর্বৃত্তায়নের ফাঁদে পড়েছে অর্থনীতি। রাজনৈতিক দুর্বৃত্তায়ন অর্থনৈতিক দুর্বৃত্তায়নের ফাঁদকে শক্তিশালী করেছে। এই দুর্বৃত্তায়ন থেকে উত্তরণের জন্য রাজনৈতিক পরিবর্তন জরুরি। ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক হাবিবা খাতুন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে মূল বক্তা ছিলেন জাতীয় অধ্যাপক এ এফ সালাহউদ্দীন আহমদ। প্রবন্ধ পাঠ অনুষ্ঠানে আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের অধ্যাপক মাহবুব উল্লাহ, অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সরদার আমিনুল ইসলাম, বাংলা বিভাগের আহমদ কবির ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ওয়াকিল আহমেদ। সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও গবেষণাপ্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন।