বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে বলেছে, বাজেট গত চার বছরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখলেও জনগণের স্বপ্ন পূরণ করতে পারেনি।বাজেট প্রস্তাবের আট দিন পর গতকাল শুক্রবার ওয়ার্কার্স পার্টির এ-সম্পর্কিত পলিটব্যুরোর সভায় এ অভিমত দেওয়া হয়।ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের বিচার ও নির্বাচনকালীন সরকারের প্রশ্ন নিয়ে দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছে, তা মোকাবিলার কোনো পথনির্দেশ বাজেটে নেই। অথচ এই প্রশ্নের ওপরই বাজেট বাস্তবায়ন অনেকখানি নির্ভর করে।প্রস্তাবিত বাজেটে সংবাদপত্রের ব্যবহূত নিউজপ্রিন্ট আমদানির ওপর বর্ধিত শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।এ ছাড়া বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে ওয়ার্কার্স পার্টি বলেছে, অর্থমন্ত্রী যখন নিজেই স্বীকার করেন যে বাংলাদেশের জিডিপির ৮০ শতাংশই কালোটাকা, সেখানে এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, একে প্রশ্রয় দেওয়া ওই কালোটাকার অর্থনীতিকেই আরও উৎসাহিত করবে। প্রস্তাবে বলা হয়, বাজেটে পোশাকশিল্পের শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করা হলেও ন্যূনতম মজুরির প্রশ্নটি এখন পর্যন্ত অনিশ্চিত। এ শিল্পে ট্রেড ইউনিয়নের অধিকারের বিষয়টি সাধারণভাবে স্বীকৃত হলেও শ্রম আইনের যে সংশোধন সম্প্রতি মন্ত্রিপরিষদ অনুমোদন করেছে, তা ওই অধিকারের নিশ্চয়তা দেয় না। বাজেটে শ্রমিকের জন্য স্থায়ী মজুরি কমিশনের প্রসঙ্গ সামান্যতম উল্লেখ করা হয়নি। শিক্ষকদের আলাদা পে-কমিশনের বিষয়ও বাজেটে উল্লেখ নেই। শিক্ষানীতি বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়নি। এর ফলে শিক্ষাক্ষেত্রে চার বছরের সাফল্য মুখ থুবড়ে পড়বে। কৃষিতে ভর্তুকি হ্রাস কৃষককে অধিক উৎপাদনে অনুৎসাহিত করবে। বাজেটে সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবকে লক্ষণীয়ভাবে দৃষ্টিকটু বলে উল্লেখ করে বলা হয়, এ খাতে ব্যয় কমিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ আরও বৃদ্ধি করা যেত।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হাসান, পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, নুর আহমদ বকুল ও কামরুল আহসান উপস্থিত ছিলেন।