চাঁপাইনবাবগঞ্জে এবার আমের ফলন ভালো। আর মাত্র দুই-তিন সপ্তাহের মধ্যেই বাজারে উঠবে পাকা আম। কিন্তু চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্ষতির আশঙ্কা করছেন আম ব্যবসায়ীরা। আর এ আশঙ্কার কারণে আমের বাণিজ্য থমকে গেছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আবুল কালাম আযাদ বলেন, জেলায় এবার আমের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। গত মৌসুমে এখানে আমের উৎপাদন হয়েছিল এক লাখ ৬৫ হাজার মেট্রিক টন। কিন্তু এবার আরও বেশি আম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।সম্প্রতি জেলার আম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর এই সময়ের মধ্যে ফলবান আমের বাগানগুলো কয়েক হাত বেচাকেনা হয়ে থাকে। লেনদেন হয় কয়েক শ কোটি টাকার। এই সময় থেকেই চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে দেখা দেয় চাঙ্গাভাব। কিন্তু এবার এই সময়ে বন্ধ রয়েছে বেচাকেনা। আম পাকার মৌসুমে ঘন ঘন হরতাল বা টানা হরতালের ফাঁদে পড়ার আশঙ্কা থেকেই ব্যবসায়ীরা আমের বাগান কেনায় আগ্রহ দেখাচ্ছেন না।শিবগঞ্জ উপজেলার কানসাটে জেলার সবচেয়ে বড় আমের বাজার অবস্থিত। এখানে রয়েছে তিন শতাধিক আমের আড়ত। কানসাট আম আড়তদার সমিতির সভাপতি নজরুল ইসলামসহ কয়েকজন আম ব্যবসায়ী বলেন, হরতালের আশঙ্কায় জেলার কোথাও বাগানের আম বেচাকেনা হচ্ছে না। মোটা অঙ্কের টাকা দিয়ে আগে যাঁরা বড় বড় বাগানের আম কিনে রেখেছেন, তাঁদের দিন কাটছে দুশ্চিন্তায়।নজরুল ইসলাম বলেন, বহু দিন থেকে তিনি আমের ব্যবসা করছেন। কিন্তু কখনোই এমন সংকটময় সময়ের সমঞ্চুখীন হননি। আম ব্যবসায়ী গোদা বিশ্বাস বলেন, ‘আম মৌসুমে ব্যবসা করেই সারা বছরের আয়-উপার্জন করি আমি। কিন্তু এ বছর লাভ তো দূরের কথা ক্ষতি কতটা কমানো যায় সেই চিন্তাতে রয়েছি। আমার ধারণা, এবার কোনো আম ব্যবসায়ীই এমন চিন্তা থেকে মুক্ত নন।’আমের ব্যবসায়ীরা বলেন, দেড় মাসেরও বেশি সময় থেকে কানসাটসহ ১৫টি ইউনিয়নের মানুষ বিদ্যুতের অভাবে দুর্বিষহ জীবন-যাপন করছে। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। লেদ মেশিন ও ঝালাই কারখানাসহ কয়েক শ কারখানা অচল হয়ে রয়েছে। কৃষকের দুর্দশার শেষ নেই। এরপর সামনে আম মৌসুমেও যদি এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তবে তাঁদের আর আশার জায়গা থাকবে না। ব্যবসায়ীরা বলেন, আম মৌসুমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জেলার কয়েক লাখ মানুষ উপকৃত হয়।