রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে চিন্তিত ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে এবার আমের ফলন ভালো। আর মাত্র দু-তিন সপ্তাহের মধ্যেই বাজারে উঠবে পাকা আম। কিন্তু চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্ষতির আশঙ্কা করছেন আম ব্যবসায়ীরা। আর এ আশঙ্কার কারণে আমের বাণিজ্য থমকে গেছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আবুল কালাম আযাদ বলেন, জেলায় এবার আমের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। গত মৌসুমে এখানে আম উৎপাদিত হয়েছিল এক লাখ ৬৫ হাজার মেট্রিক টন। কিন্তু এবার আরও বেশি আম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।সম্প্রতি জেলার আম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর এই সময়ের মধ্যে ফলবান আমের বাগানগুলো কয়েক হাত বেচাকেনা হয়ে থাকে। লেনদেন হয় কয়েক শ কোটি টাকার। এই সময় থেকেই চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে দেখা দেয় চাঙাভাব। কিন্তু এবার এই সময়ে বন্ধ রয়েছে বেচাকেনা। আম পাকার মৌসুমে ঘন ঘন হরতাল বা টানা হরতালের ফাঁদে পড়ার আশঙ্কা থেকেই ব্যবসায়ীরা আমের বাগান কেনায় আগ্রহ দেখাচ্ছেন না।আম ব্যবসায়ীরা বলেন, দেড় মাসেরও বেশি সময় থেকে কানসাটসহ ১৫টি ইউনিয়নের মানুষ বিদ্যুতের অভাবে দুর্বিষহ জীবন-যাপন করছে। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। লেদ মেশিন ও ঝালাই কারখানাসহ কয়েক শ কারখানা অচল হয়ে রয়েছে। কৃষকের দুর্দশার শেষ নেই। এরপর সামনে আম মৌসুমেও যদি এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তবে তাঁদের আর আশার জায়গা থাকবে না। ব্যবসায়ীরা বলেন, আম মৌসুমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জেলার কয়েক লাখ মানুষ উপকৃত হয়।