রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতিতে বিরূপ প্রভাব পড়ছে। প্রকাশকেরা স্বাভাবিকভাবে ছাপাখানা কিংবা বাঁধাই কারখানায় যাতায়াত করতে পারছেন না। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে লোকবলেরও সংকট দেখা যাচ্ছে। কর্মীরা কাজের জায়গায় আসতে পারছেন না। আবার বই ছাপানোর কাঁচামালের দামও বেড়েছে।
অন্যদিকে এবারের গ্রন্থমেলায় স্টল বরাদ্দের অর্থ বাড়ার কারণে তুলনামূলকভাবে ছোট প্রকাশনা প্রতিষ্ঠানগুলো বেকায়দায় পড়েছে। প্রকাশকেরা বলছেন, এমনিতে বিগত কয়েক সপ্তাহ বাজার মারাত্মক মন্দা গেছে। বই প্রকাশের খরচ বাড়িয়ে দিয়েছে ছাপাখানা। স্টলের ভাড়াও বেড়েছে। এ পরিস্থিতিতে এবারের গ্রন্থমেলায় বইয়ের দাম বাড়িয়ে দেওয়ার বিকল্প নেই।
বাজারে কাগজেরও সংকট রয়েছে বলে জানান প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাডর্নের প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কী হবে, কী হবে না করতে করতে শেষ পর্যন্ত হয়তো মেলার প্রস্তুতি ঠিকই সম্পন্ন হবে। কিন্তু এই পথ পাড়ি দিতেও বেশ বেগ পেতে হচ্ছে এবার। তিনি জানান, কাগজসংকটের কারণে তাঁদের প্রতিষ্ঠানের বেশ কয়েকটি বইয়ের ছাপানোর কাজ পিছিয়ে গেছে।
এবারের গ্রন্থমেলায় স্টল ভাড়ার পরিমাণ নিয়েও প্রকাশকেরা ক্ষুব্ধ। একটি ছোট বা সিঙ্গেল স্টল গত বছর যেখানে ছিল ৭ হাজার টাকা, এবার তা দাঁড়িয়েছে ১২ হাজার টাকায়। আর বড় আকারের বা ডাবল স্টলের ভাড়া এবার নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৭৫০ টাকা, গত বছর ছিল ১৮ হাজার টাকা। এভাবে অন্যান্য আকারের স্টলের ভাড়াও বাড়ানো হয়েছে। একই সঙ্গে প্যাভিলিয়নের ভাড়া ১ লাখ টাকা (ভ্যাট ছাড়া) করা হয়েছে। বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, এবার ভাড়া বাড়ানোর পাশাপাশি স্টলের আয়তন বাড়ানো হয়েছে।
প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ ভাড়া বাড়ানোর বিষয়টিকে সাধারণ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করছেন। তিনি বলেন, এমনিতে বেতন-ভাতাসহ সবকিছুতেই খরচ বেড়েছে। কাজে এই জায়গাটাতে ব্যয় বাড়াটাই স্বাভাবিক।
লটারি শেষে স্টল সাজানোর ব্যস্ততা: গত রোববার গ্রন্থমেলার সব স্টলের স্থানবিন্যাস চূড়ান্ত হয়েছে। প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে ১ ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছে ১৫৫টি প্রকাশনা প্রতিষ্ঠান, ২ ইউনিটের স্টল পেয়েছে ১১৫টি এবং ৩ ইউনিটের স্টল পেয়েছে ৫২টি প্রতিষ্ঠান।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাবে সব মিলিয়ে এবার মেলায় অংশ নিচ্ছে তিন শতাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে আছে ২৩০টি সৃজনশীল পুস্তক প্রকাশনা সংস্থা, ২৬টি শিশুদের গ্রন্থবিষয়ক প্রকাশনা সংস্থা, ১৮টি সরকারি, ২টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ১০টি গণমাধ্যম। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।
এবারের মেলায় প্রথমবারের মতো ১১টি প্রকাশনা সংস্থাকে মেলার সোহরাওয়াদী উদ্যান অংশে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। গতবার যারা ৪ ইউনিটের স্টল নিয়েছে, তাদের মধ্যে অবসর প্রকাশনী ছাড়া সবাই এবার ৪০০ বর্গফুটের প্যাভিলিয়ন নিয়েছে। এগুলো হলো ইউপিএল, আগামী, অনন্যা, অনুপম, সময়, কাকলী, অন্যপ্রকাশ, মাওলা ব্রাদার্স, সাহিত্য প্রকাশ, পাঠক সমাবেশ ও বাংলা একাডেমি। একটি মাত্র ৪ ইউনিটের স্টল পেয়েছে অবসর প্রকাশনী। সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলোর স্টল বসবে মেলার সোহরাওয়ার্দী উদ্যানে।
পরিদর্শনে সংস্কৃতিমন্ত্রী: মেলার সার্বিক প্রস্তুতি আর নিরাপত্তাব্যবস্থাসহ নানা দিক খতিয়ে দেখতে গতকাল সোমবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ছাড়া আরও প্রকাশক এবং মেলা কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। সংস্কৃতিমন্ত্রী এ সময় প্রকাশকদের আবারও আশ্বস্ত করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি যা-ই বিরাজ করুক না কেন, নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই। পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেলার নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবেন।