রাজনৈতিক অস্থিরতা, গ্যাস ও বিদ্যুতের সংকটই পোশাকশিল্পের বিকাশে সবচেয়ে বড় বাধা। অবকাঠামোগত দুর্বলতা কাটিয়ে এবং জাতীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে এ দেশের পোশাক খাতই বিশ্বে নেতৃত্ব দেবে।
‘জাতীয় অর্থনীতিতে পোশাকশিল্পের অবদান’ শীর্ষক এক সেমিনারে আলোচকেরা এমন অভিমত দিয়েছেন। চট্টগ্রাম নগরের বিজিএমইএ ভবনের মাহাবুব আলী মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে বিজিএমইএ। সেমিনারে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণরত ১০০ জন সহকারী কমিশনার অংশ নেন।
বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন এনবিআরের সদস্য মো. নাসির উদ্দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। সেমিনার সঞ্চালনা করেন সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী।
সেমিনারে এনবিআরের সদস্য নাসির উদ্দীন বলেন, পোশাকশিল্প এখন কঠিন সময় পার করছে। এই শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ, এই শিল্পের ওপর নির্ভর করে ব্যাংক, বিমা, পরিবহনসহ অনেক খাতই বিকশিত হচ্ছে।