রাজনৈতিক অস্থিরতা বাইরে নেতিবাচক বার্তা দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবনী শক্তির সাফল্য বিশ্বপরিমণ্ডলে অনুপ্রেরণা জুগিয়েছে। নিজের চেষ্টায় বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, তা অনেকের কাছে বিস্ময়ের। তবে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে বৈদেশিক বিনিয়োগ ও সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক বার্তা পৌঁছাবে। এ পর্যবেক্ষণ ডেনমার্কের উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী ক্রিশ্চিয়ান ফ্রিজ বাখের। প্রথমবারের মতো ঢাকা সফরে এসে গত মঙ্গলবার বাংলাদেশ সম্পর্কে এ মন্তব্য করেছেন তিনি। রাজধানীর একটি হোটেলে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশের মানুষ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন ডেনিশ মন্ত্রী। একই সঙ্গে এ দেশের সংঘাতময় রাজনীতি আর পোশাকশিল্পের কর্মপরিবেশের মতো বিষয় নিয়ে উদ্বেগের কথা জানাতে ভোলেননি।ডেনমার্কের সহযোগিতায় বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাফল্য সম্পর্কে ক্রিশ্চিয়ান বাখ বলেন, ‘বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে আমরা হাত বাড়িয়ে দিয়েছি। আজ বাংলাদেশ নিজের পায়ে শক্তভাবে দাঁড়িয়েছে। শুধু দাঁড়ায়নি, দৃপ্ত পায়ে এগিয়ে চলছে। হয়তো দৌড়াতে শুরু করেনি।’ক্রিশ্চিয়ান বাখ ক্ষুদ্রঋণের মতো সামাজিক উদ্যোগের উদ্ভাবন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাফল্য, অসাম্প্রদায়িক সংস্কৃতি, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বাংলাদেশের ‘উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করেন।বাংলাদেশে দুর্নীতি ও সুশাসন পরিস্থিতি নিয়ে উন্নয়ন সহযোগীদের বরাবরের সোচ্চার ভূমিকার প্রেক্ষাপটে ডেনিশ মন্ত্রীর নিজস্ব দৃষ্টিভঙ্গি জানতে চায় প্রথম আলো। জবাবে ক্রিশ্চিয়ান বাখ বলেন, বাংলাদেশের দ্রুতগতিতে এগিয়ে চলার পথে অনেকগুলো বাধা রয়েছে। বাধাগুলো দূর করার ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে তা সারা বিশ্বে নেতিবাচক বার্তা দেবে। ক্রিশ্চিয়ান বাখ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি দেশের উন্নয়নের স্বার্থে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার অনুরোধ জানান। বেসরকারি খাতের বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করা, জবাবদিহি বাড়ানো ও দুর্নীতি দূর করা বাংলাদেশের অগ্রগতির জন্য অপরিহার্য বলে মত দেন মন্ত্রী।ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা মন্ত্রী প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশকে তৈরি পোশাকশিল্পে উন্নত কর্মপরিবেশের বিষয়টিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘নিম্ন মজুরি, ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ রেখে প্রতিযোগিতায় টিকতে পারবেন না। তবে এখানকার কিছু কারখানা ঘুরে আমার মনে হয়েছে, ভালো পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।’ বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা মন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক বিকাশের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। গণতন্ত্রকে শক্তিশালী করতে বাংলাদেশ অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। গণতন্ত্রের মূলমন্ত্রই হচ্ছে ভিন্নমতের বহিঃপ্রকাশ। কিন্তু ভিন্নমত যখন রাজপথের সহিংসতায় রূপ নেয়, তখন আগামী দিনের জন্য তা বিপজ্জনক হয়ে দাঁড়ায়। তাই এ দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে, মতপার্থক্য ভুলে দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে একই প্ল্যাটফরমে এসে কাজ করুন।’