রাজনৈতিক অস্থিরতায় আসকের উদ্বেগ
দেশে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও চলমান সহিংসতায় গভীর উদ্বেগ এবং নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সহিংসতা উত্তরণে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক নাগরিকের মতামত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু ব্লগারদের শাস্তি ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার-প্রক্রিয়াকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের সংবিধান ও নারী অধিকার পরিপন্থী ১৩ দফা দাবি আদায়ের নামে যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য আসক উদ্বিগ্ন। হেফাজতের সহিংসতাপূর্ণ কর্মসূচিতে মাদ্রাসার শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানী অচল ও সরকারের পতনের কর্মসূচি দেওয়া সংগঠনকে সমাবেশ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির যৌক্তিকতা এবং পুলিশ ও র্যাব আগ্নেয়াস্ত্র ব্যবহার না করা সত্ত্বেও গণমাধ্যমে পরিবেশিত হতাহতের ঘটনা সংঘটনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে দুটি চ্যানেল বন্ধের ঘটনাও মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার লঙ্ঘন বলে আসক মনে করে।