রাজনৈতিক অস্থিরতায় উচ্ছেদ করা হচ্ছে না অবৈধ বিলবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতায় চট্টগ্রাম নগরের অবৈধ বিলবোর্ড অপসারণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে গত দুই মাসে কোনো বিলবোর্ড উচ্ছেদ করা হয়নি। এ সময় অভিযান পরিচালনা করতে পারেননি চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে অবৈধ বিলবোর্ড অপসারণে সম্প্রতি কোনো অভিযান চালানো সম্ভব হয়নি। তবে শিগগির কর্মসূচি নেওয়া হবে।’
করপোরেশন সূত্রে জানা গেছে, নগরে বৈধ বিলবোর্ডের সংখ্যা আট হাজার ৪৫১টি। অবৈধ বিলবোর্ডের সংখ্যা ৩২৩। এর মধ্যে ১১১টি অপসারণ করা হয়েছে। এখন আছে ২১২টি। করপোরেশন ২০১২ সালের ১৬ জানুয়ারি অপসারণ অভিযান শুরু করে।
সর্বশেষ অভিযান চালানো হয় গত ২ সেপ্টেম্বর। ওই দিন নগরের মুরাদপুর এলাকা থেকে নয়টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘গত দুই মাসে বিলবোর্ড উচ্ছেদে অন্তত চার দফা সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হরতাল ও রাজনৈতিক পরিস্থিতির কারণে পুলিশ সদস্যরা ওখানেই ব্যস্ত ছিলেন। তাই অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।’
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, ভ্রাম্যমাণ আদালত করপোরেশনের আরও অনেক কাজে যুক্ত। তাই বিলবোর্ড অপসারণে প্রতিদিন কর্মসূচি দেওয়া সম্ভব নয়। করপোরেশন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত গত ২২ মাসে মাত্র ৩২টি অভিযান পরিচালনা করেন। এ সময় অপসারণ করা হয় ৬১টি বিলবোর্ড। আর মালিক পক্ষের লোকজন সরিয়ে নেয় ৫০টি বিলবোর্ড।
এদিকে নগরের অবৈধ বিলবোর্ড দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করতে গত ১৯ জুন চট্টগ্রামের ছয়টি স্থানীয় দৈনিকের সম্পাদক মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে স্মারকলিপি দিয়েছিলেন।
চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক প্রথম আলোকে বলেন, ‘নগরের সৌন্দর্য্য রক্ষার জন্য অবৈধ বিলবোর্ড অপসারণে করপোরেশনকে সহযোগিতা করতে চেয়েছিলাম। কিন্তু তা হয়নি।’ চট্টগ্রামের আরেক স্থানীয় দৈনিক পূর্বকোণ-এর নির্বাহী সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘করপোরেশনের সদিচ্ছার অভাবে বিলবোর্ড উচ্ছেদ হচ্ছে না। বরং নগরে নতুন নতুন বিলবোর্ড স্থাপন করা হচ্ছে।’