রাজনৈতিক অস্থিরতায় এবার প্রবৃদ্ধি কমে হবে ৫.৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মূলত রাজনৈতিক অস্থিরতার কারণেই জিডিপি প্রবৃদ্ধি কমে যাবে বলে মনে করছে এই দাতা সংস্থা।
গতকাল বুধবার ওয়াশিংটন থেকে প্রকাশিত বিশ্বব্যাংকের বৈশ্বিক অর্থনীতির সম্ভাবনা বা গ্লোবাল ইকোনমিকস প্রসপেক্টাস প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে অর্থমন্ত্রী আবুল মাল মুহিত গত জুনে বাজেট বক্তৃতায় ২০১৩-১৪ অর্থ-বছরে জিডিপি প্রবৃদ্ধি ৭.২% হবে বলে প্রাক্কলন করেছিলেন। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রাক্কলন ছিল, এবার জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে ৫ শতাংশ।
বিশ্বব্যাংকের গতকালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কিছুটা বেড়ে যথাক্রমে ৬ দশমিক ১ এবং ২০১৫-১৬ অর্থবছরে আবার কিছুটা কমে ৬ শতাংশ হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের প্রবৃদ্ধিকে টেনে ধরেছে। বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। কিছু ক্ষেত্রে সরকারি বিনিয়োগও কমছে। ২০১৩ সালের শেষের দিকে ব্যাপক রাজনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতিও বেড়েছে। বিশ্বব্যাংক আরও বলছে, সাম্প্রতিককালের তৈরি পোশাক কারখানার নিরাপত্তাজনিত সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক অস্থিরতা। এটা বাংলাদেশের উৎপাদন ও রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশ্বব্যাংক মনে করে, ২০১৪ সালের শুরুর জাতীয় নির্বাচন বাংলাদেশের ব্যবসায় আস্থা ও বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে।
চলতি হিসাবের ভারসাম্যেও চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপির ১ দশমিক ৪ শতাংশ উদ্বৃত্ত থাকবে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক দাতা সংস্থাটি আরও বলছে, আগামী দুই অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যে এ ধরনের উদ্বৃত্তের হার আরও কমবে।