রাজনৈতিক অস্থিরতায় ক্ষতি ১৭১৫০ কোটি টাকা: বিশ্বব্যাংক
টানা হরতাল-অবরোধ, সহিংসতাসহ রাজনৈতিক অস্থিরতায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ১৭ হাজার ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাই চলতি অর্থবছরে ১ শতাংশ কমে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
গতকাল রোববার ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক আরও বলছে, রাজনৈতিক অস্থিরতায় যে ক্ষতি হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি ৬৮ শতাংশ সেবা খাতে। আর শিল্পে ২৫ শতাংশ এবং কৃষিতে ৮ শতাংশ ক্ষতি হয়েছে।
বিশ্বব্যাংকের এ হিসাব অনুযায়ী, রাজনৈতিক অস্থিরতায় সেবা খাতে ১১ হাজার ৬৬২ কোটি টাকা, শিল্পে ৪ হাজার ২৮৮ কোটি টাকা এবং কৃষিতে ১ হাজার ৭৩২ কোটি টাকা। শুধু পণ্য ও সেবা উৎপাদনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা হিসাব করেছে বিশ্বব্যাংক। সম্পদের ক্ষতি বিবেচনায় আনা হয়নি।
বিশ্বব্যাংক মনে করছে, এ বছর রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হতে পারত। জানুয়ারি থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত প্রায় আড়াই মাস টানা হরতাল-অবরোধ থাকলেও বিশ্বব্যাংক ৬০ দিন হিসাবে এনেছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন এ বিষয়ে বলেন, প্রতিদিন উৎপাদন খাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা হিসাব করা হয়েছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংস্থাটি চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির পাশাপাশি আগামী দুই অর্থবছরের পূর্বাভাসও দিয়েছে। সংস্থাটি বলেছে, ২০১৫-১৬ অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশ এবং ২০১৬-১৭ অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। তবে এ প্রবৃদ্ধি অর্জনে রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যাপক অভ্যন্তরীণ চাহিদা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং এক অঙ্কের ঘরে মূল্যস্ফীতির হার থাকতে হবে।
বিশ্বব্যাংক বলেছে, বারবার রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে অর্থনীতিতে স্বল্প ও মধ্যমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ছে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষাই একমাত্র চ্যালেঞ্জ নয়। কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ বাড়াতে হবে। এ ছাড়া শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ইউরো দুর্বল হচ্ছে, এতে তৈরি পোশাক রপ্তানিতে প্রভাব পড়ছে। এ ছাড়া তৈরি পোশাক কারখানার পরিবেশ নিয়ে ইমেজ-সংকট রয়েছে।
সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেস জাট বলেন, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে হলে বিনিয়োগ দরকার। বিনিয়োগ হলে কর্মসংস্থান হবে। আর বিনিয়োগ আকর্ষণে রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় উৎপাদনে ৪ হাজার ৯০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অন্যদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই দাবি করছে, এ সময় ১ লাখ ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এতে উৎপাদনের পাশাপাশি সম্পদের ক্ষতিও হিসাবে আনা হয়েছে।