রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়ীরা জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও পোশাক খাতের তিন ব্যবসায়ী সংগঠন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে বিদ্যমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এ সময় বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন।বৈঠকে বিজিএমইএর সভাপতি অর্থমন্ত্রীকে সমস্যা সমাধানে উদ্যোগ নিতে অনুরোধ জানিয়ে বলেন, ‘যথেষ্ট হয়েছে, আর না। রাজনৈতিক অস্থিরতায় আমরা নিরবচ্ছিন্নভাবে ব্যবসা করতে পারছি না। এসবের একটা সমাধান চাই এবং এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’ তবে অর্থমন্ত্রী সচিবালয়ে গতকাল মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশে হরতাল চলতেই পারে না। আমাদের অন্য উপায় খুঁজে বের করতে হবে।’ এ মন্তব্য অবশ্য তাঁর ব্যক্তিগত বলে উল্লেখ করেন তিনি। বিজিএমইএর সভাপতির পাশাপাশি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশ নিট পোশাক রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিনসহ তিন সমিতির অন্য সদস্যরা। হরতালের বিকল্প আছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই আছে। তবে যদি রাজনীতিতে বিশ্বাস থাকে। যদি হিংস্রতা থাকে, যা জামায়াতের ধর্ম, তাহলে হবে না।’ হরতালের বিকল্প সমাধানে ব্যবসায়ীদের ভাবনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘তাঁরা যদি সমাধান বের করতে পারেন, আমি তাঁদের পেছনে আছি।’